‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের খুলনা আগমন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক হুরে জান্নাত।
সভায় জেলা প্রশাসক বলেন, প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে সরকারি দপ্তরগুলোর কর্মকর্তা-কর্মচারীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করতে হবে। অপ্রয়োজনীয় নৈমিত্তিক ছুটি গ্রহণের প্রবণতা কমাতে হবে। পাশাপাশি অবৈধ স্থাপনা নিজ উদ্যোগে সরিয়ে নিতে হবে, অন্যথায় মোবাইল কোর্টের মাধ্যমে উচ্ছেদ করা হবে।
তিনি আরও বলেন, নগরীর সৌন্দর্যবর্ধনে সড়ক ও সরকারি ভবনে রং করা এবং বৃক্ষরোপণ করতে হবে। যানজট ও জনদুর্ভোগ কমাতে ট্রাফিক ব্যবস্থাপনা উন্নত করার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।
সভায় গাড়ি রিকুইজিশন, বিশ্রামাগার, হেলিপ্যাড, অ্যাম্বুলেন্স ও জরুরি চিকিৎসাসেবা, বিদ্যুৎ ও জেনারেটর, অগ্নিনির্বাপণ এবং নিরাপত্তাপাসসহ প্রয়োজনীয় প্রস্তুতি নিজ নিজ দপ্তরকে যথাসময়ে সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হয়।
সভায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসকের কার্যালয়ের উপপরিচালক মো. আরিফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিতান কুমার মন্ডল, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) কানিজ ফাতেমা লিজা, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) খুলনার পরিচালক আহমেদ কবীর, উপপুলিশ কমিশনার (দক্ষিণ) মো. রেজাউর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আবির সিদ্দিকী শুভ্রসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিদ্যালয়ের শিক্ষকরা।
ঊআ- মোচৌ
