আগামী ৩১ অক্টোবর ১১ দলীয় ঐক্যের ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ কর্মসূচি সফল করতে খুলনাবাসীকে ঐক্যবদ্ধভাবে রাজপথে ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা মহানগরী আমীর মোহাম্মদ মাহফুজুর রহমান।
বুধবার (১৪ অক্টোবর) নগরীর শান্তিধাম মোড়ের তারের পুকুর এলাকায় মহানগরী জামায়াতের দলীয় কার্যালয়ে ১১ দলীয় ঐক্যের প্রস্তুতি সভায় সভাপতির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। লংমার্চ কর্মসূচি সুশৃঙ্খল ও ব্যাপকভাবে বাস্তবায়নের লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়।
মাহফুজুর রহমান বলেন, জনগণের ন্যায়সংগত অধিকার আদায় ও দেশের সার্বভৌমত্ব রক্ষায় ৩১ অক্টোবরের লংমার্চ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। রাজনৈতিক অস্থিতিশীলতা সৃষ্টির যেকোনো অপচেষ্টা মোকাবিলায় জনগণকে সচেতন ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। তাঁর দাবি, ফ্যাসিবাদের সব ধরনের তৎপরতা রুখে দিতে ১১ দলীয় ঐক্য প্রস্তুত রয়েছে।
তিনি আরও বলেন, ১১ দলীয় ঐক্য গঠনের লক্ষ্য ও উদ্দেশ্য জনগণের কাছে তুলে ধরতে হবে। এ জন্য নেতাকর্মীদের সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ বাড়ানো, গণসংযোগ, পথসভা ও লিফলেট বিতরণের মাধ্যমে কর্মসূচির বার্তা ছড়িয়ে দিতে হবে। খুলনার সর্বস্তরের মানুষ লংমার্চে অংশ নিয়ে কর্মসূচিকে সফল করবেন বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
মহানগরী জামায়াতের সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট শাহ আলমের পরিচালনায় সভায় বক্তব্য দেন এনসিপির খুলনা মহানগর আহ্বায়ক আহম্মদ হামীম রাহাত, বাংলাদেশ খেলাফত মজলিসের খুলনা মহানগর সভাপতি মুফতি শরীফ সাঈদুর রহমান ও সেক্রেটারি মুফতি ওলিউল্লাহ মাহমুদ, খুলনা জেলা সাধারণ সম্পাদক মাওলানা শহিদুল ইসলাম, লেবার পার্টির মহানগর সাধারণ সম্পাদক সোহেল হাওলাদার, খুলনা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান, জেলা শূরা সদস্য অধ্যাপক স ম এনামুল হক, জাগপার মহানগর যুগ্ম সাধারণ সম্পাদক মো. বদরুল ইসলামসহ ১১ দলীয় ঐক্যের বিভিন্ন পর্যায়ের নেতারা।
সভায় লংমার্চ বাস্তবায়নে পথসভা, জনসংযোগ, লিফলেট বিতরণ ও পরিবহন ব্যবস্থাপনাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। কর্মসূচি সুষ্ঠুভাবে পরিচালনার জন্য প্রচার ও প্রকাশনা, মিডিয়া ও আইটি, শৃঙ্খলা ও স্বেচ্ছাসেবক, আপ্যায়ন ও অভ্যর্থনা, পরিবহন এবং মঞ্চ ব্যবস্থাপনাসহ ১৭টি উপকমিটি গঠন করা হয়।
ঊআ- মোচৌ
