শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনে খুলনা জেলার ৮৮৭টি পূজামণ্ডপে নিরাপত্তা নিশ্চিত করতে বিএনপির সর্বস্তরের নেতাকর্মীদের সতর্ক অবস্থানে থেকে কাজ করার নির্দেশ দিয়েছেন দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) বাবু জয়ন্ত কুমার কুন্ডু।
বুধবার (১৪ অক্টোবর) রাত ৮টায় খুলনা জেলা বিএনপির কার্যালয়ে আয়োজিত এক জরুরি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ নির্দেশনা দেন। জেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের দায়িত্বপ্রাপ্ত নেতাদের দিকনির্দেশনা দিতে এ সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন খুলনা জেলা বিএনপির সদস্যসচিব, জেলা পরিষদের প্রশাসক ও জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান এস এম মনিরুল হাসান বাপ্পী।
জয়ন্ত কুমার কুন্ডু বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে সনাতন ধর্মাবলম্বীরা যেন শান্তিপূর্ণ পরিবেশে ধর্মীয় উৎসব উদযাপন করতে পারেন, সে জন্য বিএনপির নেতাকর্মীদের আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে। শারদীয় দুর্গাপূজা ও দীপাবলি উৎসব আরও আনন্দমুখর করতে পূজা উদযাপন কমিটিগুলোকে সর্বাত্মক সহযোগিতা করতে হবে।
তিনি আরও বলেন, জনসমাগমের সুযোগ নিয়ে কেউ যাতে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে। মোটরসাইকেল শোভাযাত্রা বর্জন করে মন্দিরের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় বিএনপির স্বেচ্ছাসেবকদের সচেতন ভূমিকা পালন করতে হবে।
সভাপতির বক্তব্যে এস এম মনিরুল হাসান বাপ্পী বলেন, আবহমানকাল ধরে হিন্দু সম্প্রদায় উৎসাহ-উদ্দীপনা ও ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে দুর্গাপূজা উদযাপন করে আসছে। অন্যায়, অবিচার ও অশুভ শক্তির অবসানের মধ্য দিয়ে শান্তি প্রতিষ্ঠার বার্তা দেয় এ উৎসব। দুর্গাপূজার আনন্দ ও সম্প্রীতি বজায় রাখতে বিএনপির সর্বস্তরের নেতাকর্মীরা আন্তরিকভাবে পাশে থাকবেন।
সভায় জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোল্লা খায়রুল ইসলাম, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে গঠিত জেলা বিএনপির পর্যবেক্ষণ কমিটির আহ্বায়ক ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এস এম শামীম কবির, এনামুল হক সজল, কমিটির সদস্যসচিব ও জেলা বিএনপির সদস্য কে এম আশরাফুল আলম নান্নু, মল্লিক সুলতান মাহমুদ, আব্দুস সালাম, নাজমুস সাকির, মনিরুজ্জামান লেলিন, বাবু নিত্যানন্দ, কয়রার সহকারী আইন কর্মকর্তা অ্যাডভোকেট অরবিন্দু কুমার, জেলা শ্রমিক দলের বাবু উজ্জ্বল কুমার সাহা, জেলা যুবদলের সভাপতি নাদিমুজ্জামান জনি, সাংগঠনিক সম্পাদক গাজী শহিদুল ইসলাম, জিএম রাসেল ইসলাম, হারুনার রশিদ, যুগ্ম সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ, সদস্যসচিব খান ইসমাঈল হোসেন এবং জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মাকসুদুল আলমসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
সভায় সিদ্ধান্ত হয়, আগামী ১৬ অক্টোবর (শুক্রবার) বিকেল ৪টায় কেডি ঘোষ রোডে খুলনা বিএনপির দলীয় কার্যালয়ে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। এতে ৫ নভেম্বর প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের খুলনা সফর এবং শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদযাপনের করণীয় নিয়ে আলোচনা করা হবে। একই দিন বিকেল ৫টায় খুলনা জেলা পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। এসব সভায় জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন এবং উপজেলা ও পৌরসভা বিএনপির নেতারা অংশ নেবেন।
ঊআ- মোচৌ
