UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

খুলনায় পুলিশ পরিদর্শককে চাপাতি দিয়ে জখমের ঘটনায় প্রধান আসামিসহ গ্রেপ্তার ২

Mohon Chowdhury
অক্টোবর ১৫, ২০২৬ ৩:০০ অপরাহ্ণ
Link Copied!

 

খুলনায় ছিনতাইকালে পুলিশ পরিদর্শক শাহ আলমকে ধারালো চাপাতি দিয়ে গুরুতর জখমের ঘটনায় মামলার প্রধান আসামি মিরাজ ওরফে ‘স্পিকার মিরাজ’ (৩৯) ও তাঁর সহযোগী ইব্রাহিম গাজীকে (৪২) গ্রেপ্তার করেছে র‍্যাব-৬-এর স্পেশাল কোম্পানি।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) গোপন সংবাদের ভিত্তিতে নগরীর সোনাডাঙ্গা থানার কলাবাগান ও সদর থানার টুটপাড়া এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

র‍্যাব জানায়, গত ৯ অক্টোবর খুলনা জেলা পুলিশের সার্কেল অফিসে কর্মরত পুলিশ পরিদর্শক শাহ আলম নগরীর কলেজিয়েট স্কুলের সামনে দিয়ে রিকশায় পুলিশ ক্লাবের দিকে যাচ্ছিলেন। এ সময় তিনজন ছিনতাইকারী তাঁর পথরোধ করে টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। পরে ধারালো চাপাতি দিয়ে তাঁর দুই হাতের কব্জির ওপর আঘাত করে গুরুতর জখম করে।

পরে তাঁকে উদ্ধার করে প্রথমে সিটি মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগের কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে রেফার করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনায় জেলা গোয়েন্দা শাখার উপপরিদর্শক মো. আওয়াল হোসেন বাদী হয়ে খুলনা সদর থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা করেন।

র‍্যাবের তথ্য অনুযায়ী, গ্রেপ্তার মিরাজের বিরুদ্ধে খুলনার আড়ংঘাটা ও সদর থানায় গুরুতর আঘাত, চুরি ও ডাকাতির একাধিক মামলার তথ্য রয়েছে। ইব্রাহিম গাজীর বিরুদ্ধেও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে। র‍্যাবের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার দুজনই এ ঘটনায় সরাসরি সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। তাঁদের পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য খুলনা সদর থানায় হস্তান্তর করা হবে।

ঊআ- মোচৌ