খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু নগরীর ১০ ও ১২ নম্বর ওয়ার্ডের স্বল্প আয়ের পরিবারের সদস্যদের মাঝে মশারি বিতরণ করেছেন।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে ডেঙ্গু সংক্রমণ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি ও সংক্রমণ হ্রাসের লক্ষ্যে ‘খুলনা শহর এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রাম-১ ও ২’ প্রকল্পের আওতায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এ কর্মসূচির আয়োজন করে। এতে ১০ নম্বর ওয়ার্ডের নিবন্ধিত ২৯১টি এবং ১২ নম্বর ওয়ার্ডের ১৪৫টি পরিবারের সদস্যদের মধ্যে মশারি বিতরণ করা হয়।
এ সময় কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের বিভিন্ন কার্যক্রমের প্রশংসা করেন। ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রীর কর্মসূচির সঙ্গে সংহতি জানিয়ে কেসিসির কার্যক্রমে সহযোগিতা করায় তিনি সংস্থাটির সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান।
তিনি বলেন, মা সুস্থ থাকলে পরিবার সুস্থ থাকবে। তাই নিজ বাড়ির আঙিনা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি সন্তানদেরও পরিচ্ছন্নতার বিষয়ে সচেতন করে তুলতে হবে। ডেঙ্গু প্রতিরোধে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে কেসিসি পরিচালিত নয়াবাটী হাজী শরিয়ত উল্লাহ বিদ্যাপীঠের প্রধান শিক্ষক শেখ জাহিদুজ্জামান, ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান, সাবেক কাউন্সিলর এইচ এম আবু সালেক, সমাজসেবক অ্যাডভোকেট ফজলে হালিম লিটন, প্রকল্পের এরিয়া ম্যানেজার সুরভী বিশ্বাস, সিনিয়র প্রোগ্রাম অফিসার বিকাশ বিশ্বাস, প্রোগ্রাম অফিসার এলিনা বৈদ্য ও রোজালিন মিতুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
ঊআ- মোচৌ
