UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

এমইউজের আলোচনা সভায় বক্তারা ৭ নভেম্বর জাতীয় ঐক্যের ভিত্তি রচিত হয়

Mohon Chowdhury
নভেম্বর ৭, ২০২৬ ৬:৪৬ অপরাহ্ণ
Link Copied!

 

 

১৯৭৫ সালের ৭ নভেম্বর বাংলাদেশের রাজনৈতিক ও সাংস্কৃতিক ঐক্যের ভিত্তি রচিত হয়েছিল বলে মন্তব্য করেছেন মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন (এমইউজে) খুলনার আলোচনা সভার বক্তারা। তাঁরা বলেন, স্বাধীনতার পর দেশে রাজনৈতিক ও সাংস্কৃতিক ঐক্য গড়ে ওঠেনি; বরং একদলীয় শাসনের মাধ্যমে স্বৈরাচারী ব্যবস্থা প্রতিষ্ঠা করা হয়েছিল। ৭ নভেম্বরের জাতীয় বিপ্লব ও সংহতির মধ্য দিয়ে গণতন্ত্র, বাকস্বাধীনতা ও রাষ্ট্রীয় স্থিতিশীলতার পথ তৈরি হয়। তাই দিনটি জাতীয় ঐক্যের প্রতীক।

ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শনিবার (৭ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় খুলনা প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে এমইউজে আয়োজিত আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।

এমইউজে সভাপতি আলহাজ মুহাম্মদ আবু তৈয়বের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন খুলনা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক হাসান আহমেদ মোল্লা, খুলনা বিশ্ববিদ্যালয়ের উপপরিচালক গাজী আলাউদ্দিন আহমদ, খুলনা প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি সোহরাব হোসেন, দৈনিক জন্মভূমির নির্বাহী সম্পাদক সরদার আবু তাহের, বার্তা সম্পাদক ইয়াসির আরাফাত রুমি, খুলনা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক বেলাল হোসেন সজল, এমইউজের সহসাধারণ সম্পাদক ফকির শহিদুল ইসলাম, কোষাধ্যক্ষ রাজু আহমেদ, ক্রীড়া ও সমাজকল্যাণ সম্পাদক খাইরুল আলম, নির্বাহী কমিটির সদস্য মাহবুবুর রহমান ও রামিম চৌধুরী এবং দৈনিক কালবেলার ব্যুরো প্রধান নুরুল আমিন নুর।

সভা পরিচালনা করেন এমইউজের সাধারণ সম্পাদক এ এইচ এম শামিমুজ্জামান। এ সময় এমইউজের সদস্যসহ বিভিন্ন পর্যায়ের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

বক্তারা আরও বলেন, জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র মোকাবিলায় সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তাঁরা।

ঊআ-মোচৌ