ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস ও তাপপ্রবাহসহ বিভিন্ন দুর্যোগ মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধি এবং আগাম প্রস্তুতির কৌশল প্রদর্শনে খুলনার দাকোপে মাঠ মহড়া অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৯ নভেম্বর) উত্তরণ জুরিখ ক্লাইমেট রেজিলিয়েন্স প্রোগ্রামের আওতায় এবং প্র্যাকটিক্যাল অ্যাকশন বাংলাদেশের সহযোগিতায় দাকোপ উপজেলা মাঠ প্রাঙ্গণে এ মহড়ার আয়োজন করা হয়।
মহড়া ও নাট্য উপস্থাপনার মাধ্যমে তাপপ্রবাহ এবং ঘূর্ণিঝড়ের আগে, দুর্যোগ চলাকালীন ও পরবর্তী সময়ে করণীয় বিষয়গুলো তুলে ধরা হয়। পাশাপাশি স্থানীয় ঝুঁকি পর্যবেক্ষণ, আগাম সতর্কবার্তা প্রচার এবং দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতির বিভিন্ন কৌশল প্রদর্শন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দাকোপ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বোরহান উদ্দিন মিঠু। এ সময় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, সমাজসেবক আব্দুল মান্নান খান ও মোজাফফর হোসেন, গণমাধ্যমকর্মী, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির (সিপিপি) সদস্য, স্থানীয় স্বেচ্ছাসেবক এবং উত্তরণ ও প্র্যাকটিক্যাল অ্যাকশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে আগাম সতর্কবার্তা ও প্রস্তুতি অত্যন্ত কার্যকর। দুর্যোগসহনশীল সমাজ গড়ে তুলতে স্থানীয় জ্ঞান, পারিবারিক প্রস্তুতি এবং জনগোষ্ঠীর সম্মিলিত অংশগ্রহণ জরুরি। সচেতন ও প্রস্তুত জনগোষ্ঠীই পারে দুর্যোগের ঝুঁকি কমিয়ে জীবন, সম্পদ ও জীবিকা সুরক্ষিত রাখতে।
ঊআ-মোচৌ
