বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, জিয়াউর রহমান ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে নীরবে মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। চিকিৎসাসেবা থেকে বঞ্চিত মানুষ, অর্থাভাবে পড়াশোনা চালাতে না পারা শিক্ষার্থী, গুম-খুনের শিকার পরিবারের সদস্য এবং ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে প্রতিষ্ঠানটি।
বৃহস্পতিবার বিকেলে খুলনা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক লিয়াকত আলী অডিটোরিয়ামে জিয়াউর রহমান ফাউন্ডেশন আয়োজিত বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক জাতীয় প্রতিযোগিতা ‘ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে-২০২৬’-এর খুলনা বিভাগীয় পর্বের প্রদর্শনী ও মূল্যায়ন শেষে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, বিজ্ঞান মেলায় অংশ নেওয়া শিক্ষার্থীরা সমাজের বিদ্যমান সমস্যার সমাধান খুঁজতে নানা উদ্যোগ নিয়েছে। দৈনন্দিন জীবনের চ্যালেঞ্জ মোকাবিলায় তাদের উদ্ভাবনী প্রচেষ্টা আশাব্যঞ্জক। মানুষের জীবন বদলে দিতে পারে—এমন উদ্যোগ নিয়ে জিয়াউর রহমান ফাউন্ডেশন কাজ অব্যাহত রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।
তিনি আরও বলেন, প্রকৌশল বিভাগের শিক্ষার্থীদের জন্য ইন্টার্নশিপ কর্মসূচি এবং শিল্প পুনরুজ্জীবনে খুলনাঞ্চলে গ্যাস সরবরাহ নিশ্চিত করতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় উদ্যোগ নিচ্ছে। এ ক্ষেত্রে ২০০৫ সালে বেগম খালেদা জিয়ার ঘোষণার বিষয়টিও উল্লেখ করেন তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বলেন, তরুণ প্রজন্মের উদ্ভাবনী উদ্যোগের মাধ্যমে প্রধানমন্ত্রীর নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দ্রুত বাস্তবায়িত হবে। এ সময় তিনি ‘একটি উদ্যোগ, একটি চেষ্টা এনে দিবে সচ্ছলতা, দেশে আসবে স্বনির্ভরতা’ স্লোগানের কথা তুলে ধরেন।
বিজ্ঞান মেলা আয়োজক কমিটির সদস্য সচিব অধ্যাপক ড. মোস্তফা আজিজ সুমনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু, খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম এবং জিয়াউর রহমান ফাউন্ডেশনের পরিচালক কৃষিবিদ শামীমুর রহমান শামীম। স্বাগত বক্তব্য দেন মেলা আয়োজক কমিটির আহ্বায়ক সাংবাদিক আমিরুল ইসলাম কাগজী। অনুষ্ঠান পরিচালনা করেন সদস্য সচিব কৃষিবিদ ড. এস এম ফেরদৌস।
অনুষ্ঠানে প্রতিমন্ত্রী শিক্ষার্থীদের মধ্যে সনদপত্র বিতরণ করেন। এর আগে তিনি ও জাতীয় সংসদের হুইপ বিজ্ঞান প্রকল্পের প্রদর্শনী পরিদর্শন করেন।
ঊআ-মোচৌ
