‘উন্নত আগামীর জন্য উদ্যোক্তা সৃষ্টি’ প্রতিপাদ্য নিয়ে খুলনা খান বাহাদুর আহ্ছানউল্লা বিশ্ববিদ্যালয়ে (কেকেবিএইউ) বৈশ্বিক উদ্যোক্তা সপ্তাহের উদ্বোধন করা হয়েছে।
শনিবার (২১ নভেম্বর) বেলা ১২টায় বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে কেক কেটে কর্মসূচির উদ্বোধন করেন প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ডেজিগনেট) প্রফেসর ড. মো. আনিসুর রহমান।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বৈশ্বিক চাহিদা ও কর্মক্ষেত্রের পরিবর্তনের ফলে কর্মসংস্থানের নতুন নতুন ক্ষেত্র তৈরি হচ্ছে। এ পরিস্থিতিতে শুধু পাঠ্যবিষয়ভিত্তিক জ্ঞান অর্জন যথেষ্ট নয়; সংশ্লিষ্ট বিষয়ে নতুন জ্ঞান, দক্ষতা ও বাস্তব অভিজ্ঞতা অর্জন করতে হবে। শিক্ষার্থীদের কেবল চাকরির সন্ধান না করে উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখতে হবে।
তিনি আরও বলেন, একজন উদ্যোক্তা নিজে প্রতিষ্ঠিত হওয়ার পাশাপাশি অন্যদের জন্যও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে পারেন। এ ক্ষেত্রে সরকারের পক্ষ থেকেও আর্থিক সহায়তার সুযোগ রয়েছে। কেকেবিএইউর বিভিন্ন বিভাগের স্নাতকদের উদ্যোক্তা হওয়ার লক্ষ্যে নিজেদের প্রস্তুত করার আহ্বান জানান তিনি। একই সঙ্গে আশা প্রকাশ করেন, ব্যবসায় প্রশাসন বিভাগের এ আয়োজন শিক্ষার্থীদের মধ্যে উদ্যোক্তা হওয়ার আগ্রহ ও প্রয়োজনীয় দক্ষতা বিকাশে সহায়ক হবে।
ব্যবসায় প্রশাসন বিভাগের প্রধান (ভারপ্রাপ্ত) মো. মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এস এম আতিয়ার রহমান, পরীক্ষা নিয়ন্ত্রক মো. মিজানুজ্জামান এবং ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেলের (আইকিউএসি) অতিরিক্ত পরিচালক ড. মো. মুঈন উদ্দিন।
এ সময় সংশ্লিষ্ট বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
ঊআ-মোচৌ
