নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারদর নিয়ন্ত্রণ ও ভোক্তা অধিকার সংরক্ষণে খুলনা বিভাগের বিভিন্ন জেলায় অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সোমবার (২৩ নভেম্বর) অধিদপ্তরের খুলনা বিভাগীয় ও আওতাধীন জেলা কার্যালয়ের ১০টি দল এ অভিযান পরিচালনা করে। অভিযানে বিভিন্ন অপরাধে ১২টি প্রতিষ্ঠানকে মোট ২ লাখ ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযানকালে চাল, ভোজ্যতেল, গ্যাস, ওষুধ, ডায়াগনস্টিক সেবা, আলু, দেশি পেঁয়াজ, সবজি, মুরগি ও ডিমসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারদর এবং ক্রয়-বিক্রয়ের ভাউচার যাচাই করা হয়। এ সময় ব্যবসায়ীদের সরকার নির্ধারিত মূল্যে পণ্য বিক্রির নির্দেশনা দেওয়া হয়। নির্ধারিত মূল্যের বেশি দামে পণ্য বিক্রি করলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়।
খুলনা বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ সেলিমের নেতৃত্বে নগরীর সোনাডাঙ্গা থানার বয়রা এলাকায় অভিযান চালিয়ে মূল্য তালিকা সংরক্ষণ না করার অপরাধে রওশনা ডায়াগনস্টিক ল্যাব অ্যান্ড রিসার্চ সেন্টারকে ৪৩ হাজার টাকা জরিমানা করা হয়।
একই এলাকায় বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক দিনারা জামানের নেতৃত্বে পরিচালিত অভিযানে অবৈধ প্রক্রিয়ায় খাদ্যপণ্য উৎপাদনের দায়ে বাগেরহাট হোটেলকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
বাগেরহাট জেলা কার্যালয়ের সহকারী পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) ওয়ালিদ বিন হাবিবের নেতৃত্বে ফকিরহাট বাজারে অভিযান চালানো হয়। এ সময় অবৈধ প্রক্রিয়ায় খাদ্যপণ্য উৎপাদনের দায়ে সাতক্ষীরা তনু ঘোষ ডেইরিকে ১০ হাজার, নিউ রাধা-কৃষ্ণ মিষ্টান্ন ভাণ্ডারকে ৭ হাজার এবং সাতক্ষীরা ঘোষ ডেইরিকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়।
ঝিনাইদহ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নিশাত মেহেরের নেতৃত্বে শৈলকূপার ভাটই বাজারে অভিযান চালিয়ে একই অপরাধে হাবিব ফুডকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
কুষ্টিয়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মাসুম আলীর নেতৃত্বে ভেড়ামারার বাহাদুরপুর বাজারে মেসার্স মদিনা বেকারিকে পণ্যের মোড়ক যথাযথভাবে ব্যবহার না করা, খাদ্যপণ্যে নিষিদ্ধ উপাদান মেশানো এবং অবৈধ প্রক্রিয়ায় খাদ্যপণ্য উৎপাদনের দায়ে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
সাতক্ষীরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মেহেদী হাসান তানভীরের নেতৃত্বে সদর উপজেলার মাগুরা বউ বাজারে অভিযান চালিয়ে অবৈধ প্রক্রিয়ায় খাদ্যপণ্য উৎপাদনের দায়ে তাহা ড্রিংকিং ওয়াটারকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
যশোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামানের নেতৃত্বে শার্শার নাভারন বাজারে পণ্যের মোড়ক যথাযথভাবে ব্যবহার না করার দায়ে আব্দুর রশিদ স্টোরকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসানের নেতৃত্বে সদর উপজেলার ডিঙ্গেদহ বাজারে অভিযান চালিয়ে অবৈধ প্রক্রিয়ায় খাদ্যপণ্য উৎপাদনের দায়ে মেসার্স সাইদ ফুডকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
নড়াইল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শামীম হাসানের নেতৃত্বে লোহাগড়ার নলদা বাজারে অভিযান চালিয়ে একই অপরাধে মেসার্স মা মিষ্টান্ন ভাণ্ডারকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
এ ছাড়া মাগুরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. সজল আহম্মেদের নেতৃত্বে সদর উপজেলার ইছাখাদা বাজারে অভিযান চালিয়ে ধার্যকৃত মূল্যের চেয়ে বেশি দামে পণ্য বিক্রির দায়ে মেসার্স আকবর অ্যান্ড ব্রাদার্সকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানকালে ব্যবসায়ীদের সচেতন করার পাশাপাশি দোকানে দৃশ্যমান স্থানে মূল্য তালিকা প্রদর্শন, ক্রয়-বিক্রয়ের ভাউচার সংরক্ষণ এবং সরকার নির্ধারিত মূল্যে পণ্য বিক্রির নির্দেশনা দেওয়া হয়।
জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
ঊআ-মোচৌ
