UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

নারী নির্যাতন বন্ধে ন্যায়বিচার ও অপরাধীদের জবাবদিহি নিশ্চিতের আহ্বান

Mohon Chowdhury
নভেম্বর ২৫, ২০২৬ ১০:৪৭ অপরাহ্ণ
Link Copied!

আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে খুলনায় আয়োজিত আলোচনা সভায় নির্যাতনের শিকার ব্যক্তিদের ন্যায়বিচার নিশ্চিত, সুরক্ষা প্রদান এবং অপরাধীদের দায়মুক্তি বন্ধের ওপর গুরুত্বারোপ করেছেন বক্তারা।

বুধবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় নগরীর কাইফেং রেস্তোরাঁয় সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের উদ্যোগে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সংগঠনের খুলনা মহানগর শাখার সভাপতি গাজী আলাউদ্দিন আহমদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার। প্রধান আলোচক ছিলেন ব্লাস্ট খুলনা ইউনিটের সমন্বয়ক অ্যাডভোকেট ফাতেমা খন্দকার রিমা। স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক সরদার আবু তাহের।

বক্তারা বলেন, বিশ্বে প্রতি তিনজন নারীর একজন জীবনের কোনো না কোনো সময়ে সহিংসতার শিকার হন। ২০২৫ সালে বিশ্বজুড়ে ৪৭ হাজারের বেশি নারী ও কন্যাশিশু স্বজনদের হাতে নিহত হয়েছেন। অর্থাৎ প্রতিদিন গড়ে ১২৯ জন এবং ঘণ্টায় প্রায় পাঁচজন নারী ও কন্যাশিশু প্রাণ হারিয়েছেন। অঞ্চলভিত্তিক হিসাবে এশিয়ায় ১৫ হাজার ১০০, আমেরিকায় ৭ হাজার ৪০০, ইউরোপে ২ হাজার ১০০ এবং ওশেনিয়ায় ৩০০ জন নিহত হয়েছেন বলে সভায় উল্লেখ করা হয়।

তারা আরও বলেন, ভয়, সামাজিক অপবাদ, বৈষম্য ও যথাযথ সহায়তার অভাবে অনেক নির্যাতনের শিকার নারী ঘটনা প্রকাশ করতে কিংবা বিচার চাইতে পারেন না। ফলে অনেক সহিংসতার ঘটনা আড়ালে থেকে যায় এবং অপরাধীরা জবাবদিহির বাইরে থেকে যায়। এ অবস্থা থেকে উত্তরণে নিরাপদ অভিযোগ ব্যবস্থা, আইনি সহায়তা ও কার্যকর সুরক্ষা নিশ্চিত করার আহ্বান জানান বক্তারা।

সংগঠনের যুগ্ম সম্পাদক মোল্লা মারুফ রশীদের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন সহ-সভাপতি আব্দুস সালাম শিমুল, প্রচার ও প্রকাশনা সম্পাদক একরামুল হোসেন লিপু, সমাজকল্যাণ সম্পাদক রকিব উদ্দিন ফারাজী, আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মো. আলমগীর হোসেন খান, আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক মো. হাসানুর রহমান তানজির, সাংস্কৃতিক সম্পাদক বিমল মল্লিকসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

সভায় আগামী ৯ ডিসেম্বর সকাল ১০টায় খুলনা প্রেস ক্লাবে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়। অনুষ্ঠান সফল করতে একটি উপকমিটিও গঠন করা হয়। এ ছাড়া সংগঠনের নতুন সদস্যদের মধ্যে পরিচয়পত্র ও সনদ বিতরণ করা হয়।

এর আগে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। পরে সংগঠনের অসুস্থ সদস্য ও তাঁদের পরিবারের সদস্যদের সুস্থতা কামনায় দোয়া করা হয়।

ঊআ-মোচৌ