খুলনার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, নাশকতা প্রতিরোধ, গণভোটের গণরায় বাস্তবায়ন এবং ২০২৪ সালের গণঅভ্যুত্থানের চেতনায় জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও খুলনা মহানগরী সেক্রেটারি অ্যাডভোকেট শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল।
রোববার (২৯ নভেম্বর) সকালে নগরীর আল ফারুক সোসাইটি মিলনায়তনে খুলনা মহানগরী জামায়াতের উদ্যোগে আয়োজিত ওয়ার্ড আমীর, সভাপতি ও সেক্রেটারিদের শিক্ষাশিবির-২০২৬-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, খুলনায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে। খুন, চাঁদাবাজি, দখলবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের জানমাল ও নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে বলে তিনি মন্তব্য করেন। তাঁর ভাষ্য, মানুষ শান্তিতে বসবাস, নিরাপদে ব্যবসা-বাণিজ্য ও চলাফেরা করতে চায়। কিন্তু একটি সংঘবদ্ধ চক্রের অপরাধমূলক কর্মকাণ্ড নগরীর স্বাভাবিক পরিবেশ নষ্ট করছে।
মহানগরী সহকারী সেক্রেটারি প্রিন্সিপাল শেখ জাহাঙ্গীর আলমের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন এবং উপস্থিত ছিলেন মহানগরী কর্মপরিষদ সদস্য ড. আবু রুবাবা, মীম মিরাজ হোসাইন ও মুহাম্মাদ আব্দুল গফুর, খানজাহান আলী দক্ষিণ থানা আমীর ইসমাইল হোসেন পারভেজ, সোনাডাঙ্গা থানা সেক্রেটারি ও ২৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মাওলানা জাহিদুর রহমান নাঈম, ৩০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী আলিমুল হক মিরাজ, ৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী ডা. গোলাম কিবরিয়া, ১৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী আহসান উল্লাহ সিদ্দিকী এবং ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী কাজী বায়েজিদ হোসেন প্রমুখ।
শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল বলেন, তাঁর ভাষায়, পতিত ফ্যাসিবাদী শক্তি এখনো ষড়যন্ত্র থেকে সরে আসেনি। অগ্নিসন্ত্রাস ও নাশকতার মাধ্যমে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টা চালানো হচ্ছে, যা অর্থনৈতিক ও সামাজিক স্থিতিশীলতাকে ব্যাহত করছে। এ পরিস্থিতিতে অপরাধীদের দলীয় পরিচয় বা প্রভাব বিবেচনা না করে আইনের আওতায় আনা রাষ্ট্র ও প্রশাসনের দায়িত্ব বলে তিনি উল্লেখ করেন। অপরাধীদের দ্রুত গ্রেপ্তার, নিরপেক্ষ বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, অগ্নিসন্ত্রাস ও নাশকতা প্রতিরোধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করতে হবে। একই সঙ্গে ফ্যাসিবাদী শাসনের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি ও তাঁদের সহযোগীদের বিরুদ্ধে চলমান বিচারপ্রক্রিয়া দ্রুত, স্বচ্ছ, নিরপেক্ষ ও আইনসম্মতভাবে সম্পন্ন করার আহ্বান জানান তিনি।
গণভোটের গণরায় বাস্তবায়নের দাবি জানিয়ে জামায়াতের এ নেতা বলেন, জনগণের রায়ের প্রতি সম্মান জানিয়ে অবিলম্বে সংবিধান সংস্কার পরিষদ গঠন করতে হবে এবং সংবিধান সংশোধন কমিটির কার্যক্রম বন্ধ করতে হবে। গণমানুষের আকাঙ্ক্ষা ও গণতান্ত্রিক অধিকারের প্রতি শ্রদ্ধা জানিয়ে এসব পদক্ষেপ দ্রুত নেওয়া প্রয়োজন।
২০২৪ সালের গণঅভ্যুত্থানের পক্ষের রাজনৈতিক দল, নাগরিক সমাজ ও সংশ্লিষ্ট অংশীজনদের মধ্যে জাতীয় ঐকমত্য বজায় রাখার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, নিজেদের মধ্যকার বিভেদ ভুলে গণঅভ্যুত্থানের চেতনা ও গণতান্ত্রিক ধারাবাহিকতা রক্ষায় কার্যকর পদক্ষেপ নিতে হবে। ঐক্যবদ্ধভাবে নিরাপদ, ইনসাফভিত্তিক, গণতান্ত্রিক ও মানবিক সমাজ গঠনে ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
ঊআ-মোচৌ
