সুন্দরবনে অভিযান চালিয়ে ডাকাতের কাছে জিম্মি থাকা এক জেলেকে জীবিত উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় একটি কাঠের নৌকা জব্দ করা হয়। পরবর্তী অভিযানে সুন্দরবনের কুখ্যাত আসাবুর বাহিনীর প্রধান আসাবুর সানাকে (৪৫) আটক করা হয়েছে। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে দুটি দেশীয় ওয়ান শুটার ও তিন রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়।
রোববার (২৯ নভেম্বর) দুপুরে কোস্ট গার্ডের কর্মকর্তা লেফটেন্যান্ট এম এইচ রিফাত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সুন্দরবনের সক্রিয় বনদস্যু বাহিনী নির্মূল এবং উপকূলীয় অঞ্চলে নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ কোস্ট গার্ডের নেতৃত্বে ‘অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন’ ও ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’ নামে দুটি বিশেষ অভিযান চলমান রয়েছে।
এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড জানতে পারে, সুন্দরবনের কুখ্যাত আসাবুর বাহিনী খুলনার দাকোপ থানাধীন শিবসা নদীর শরবতখালী খালসংলগ্ন এলাকায় মুক্তিপণ আদায়ের উদ্দেশ্যে এক জেলেকে জিম্মি করে রেখেছে। এ তথ্যের ভিত্তিতে ২৮ নভেম্বর দুপুর ১২টার দিকে কোস্ট গার্ড বেইস মোংলা ও আউটপোস্ট নলিয়ান ওই এলাকায় বিশেষ অভিযান চালায়। অভিযানে একটি কাঠের নৌকাসহ জিম্মি জেলেকে জীবিত উদ্ধার করা হয়। এ সময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের সদস্যরা সুন্দরবনের গহিনে পালিয়ে যায়।
পরে গোপন সংবাদের ভিত্তিতে ২৯ নভেম্বর রাত ১টার দিকে খুলনার দাকোপ থানাধীন মল্লিকবাড়ি এলাকা দিয়ে পালানোর চেষ্টাকালে আসাবুর বাহিনীর প্রধান আসাবুর সানাকে আটক করা হয়। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, সুতারখালী ফরেস্ট অফিসসংলগ্ন এলাকা থেকে দুটি দেশীয় ওয়ান শুটার ও তিন রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়।
কোস্ট গার্ড জানায়, আসাবুর সানাকে এর আগে ২০২৪ সালের ১২ নভেম্বর আটক করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছিল। পরে জামিনে মুক্তি পেয়ে তিনি আবারও সুন্দরবনে ডাকাতির সঙ্গে জড়িয়ে পড়েন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। আটক আসাবুর সানা খুলনার দাকোপ উপজেলার বাসিন্দা।
অন্যদিকে, ২৮ নভেম্বর দুপুর ২টার দিকে কোস্ট গার্ড স্টেশন দোবেকি নিয়মিত টহলের সময় সাতক্ষীরার শ্যামনগর থানাধীন আড়পাঙ্গাশিয়া নদীসংলগ্ন এলাকায় একটি সন্দেহজনক কাঠের নৌকায় তল্লাশি চালায়। এ সময় ডাকাতদের ব্যবহৃত রসদসহ নৌকাটি জব্দ করা হয়। তবে ওই এলাকায় কাউকে না পাওয়ায় ডাকাত দলের সদস্যদের শনাক্ত করা সম্ভব হয়নি। পরে জব্দ করা নৌকা ও রসদ দোবেকি ফরেস্ট অফিসের কাছে হস্তান্তর করা হয়।
কোস্ট গার্ড কর্মকর্তা লেফটেন্যান্ট এম এইচ রিফাত বলেন, সরকারের সুস্পষ্ট নির্দেশনা, সবার সহযোগিতা এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত প্রচেষ্টায় সুন্দরবনকে সম্পূর্ণরূপে দস্যুমুক্ত করা সম্ভব হবে বলে তাঁরা আশাবাদী।
আটক আসাবুর সানা, জব্দ করা নৌকা এবং উদ্ধার করা অস্ত্র ও গোলাবারুদের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। উদ্ধার করা জেলেকে তাঁর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
ঊআ-মোচৌ
