বিনোদন ডেস্ক: ‘প্রেমের তাজমহল’খ্যাত নায়ক রিয়াজ। সদস্য পদ হারানো শিল্পীদের নিয়ে কথা বলতে গিয়ে কান্নায় ভেঙ্গে পড়েন। তার কান্না নিয়ে ট্রল করেন নেটিজেনরা। অন্যদিকে শিল্পী সমিতির নির্বাচনে এই অভিনেতার প্রতিদ্বন্দ্বী প্যানেলের সদস্য জায়েদ খান এটিকে বলেছেন ‘মায়া কান্না’।
তবে অবশেষে বিষয়টি নিয়ে কথা মুখ খুলেছেন রিয়াজ। তিনি বলেন, ‘আমরা শিল্পী। তবে একজন মানুষের মধ্যে সহজাত যে আবেগ থাকে, সেটা আমাদের মাঝেও আছে। আমার মা যখন মারা গিয়েছিলেন, আমি যখন কাঁদছিলাম, অনেকের কাছেই তখন মনে হয়েছিল এটা হয়তো এক ধরনের অভিনয়। এটা আমি ফেস করেছি বিগত দিনে। এটা শিল্পীদের একটি চিরায়ত ব্যাপার।
এফডিসিতে কান্নার বিষয়ে রিয়াজ বলেন, ‘একজন সত্তরোর্ধ্ব বৃদ্ধ, ষাটোর্ধ্ব নারী, যাদের সদস্যপদ বাতিল হয়েছিল, তারা আমাদের সঙ্গে গতকাল নির্বাচনী গানের তালে নাচছিল। এই মানুষগুলোর খুব বেশি চাওয়া-পাওয়া নেই। তাদের আনন্দ দেখে এবং তাদের সদস্যপদ বাতিলের বিষয়টি জেনে সহজাতভাবেই আমি আবেগপ্রবণ হয়ে পড়েছিলাম। সেই আবেগকে নিয়ে যারা ট্রল করেছেন, তাদের প্রতি আমার কৃতজ্ঞতা, ভালোবাসা। আপনারা এভাবেই ট্রল করতে থাকেন। তাতে আমাদের কিছু যাবে-আসবে না। কারণ আমি জানি আমি কী, আমার সৃষ্টিকর্তা জানেন আমি কী, শিল্পীরা জানেন আমরা কী।’
শেষে ক্ষমা চেয়ে এই নায়ক বলেন, ‘কোনো কিছু অন্যভাবে নেওয়ার আগে, কিছু বলার আগে ভাবা উচিৎ, আমরাও মানুষ। আমাদেরও হাসি-কান্না আছে। আমরা চেষ্টা করি আবেগকে দমিয়ে রাখতে। কিন্তু অনেক সময় দীর্ঘদিনের দমিয়ে রাখা আবেগের বহিঃপ্রকাশ হয়ে যেতেই পারে। একজন বৃদ্ধ শিল্পীকে জড়িয়ে ধরে কেঁদে আমি যদি ভুল করে থাকি, আপনারা আমাকে ক্ষমা করবেন।’
কাঞ্চন-নিপুণ প্যানেল থেকে রিয়াজ সহ-সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
