UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

বাজার নিয়ন্ত্রণে ভ্যাট প্রত্যাহারসহ নানা উদ্যোগ

koushikkln
মার্চ ১০, ২০২২ ৯:৪৪ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : বাজার নিয়ন্ত্রণে ভোজ্যতেল, চিনি ও ছোলা আমদানিতে ভ্যাট প্রত্যাহার করেছে সরকার।
বৃহস্পতিবার (১০ মার্চ) সচিবালয়ের ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এ তথ্য জানান।

তিনি বলেন, ‘বাজার নিয়ন্ত্রণে রাখতে ভ্যাট প্রত্যাহার করা হয়েছে।’ নিত্যপণ্যের দাম বৃদ্ধির কারণে সারাদেশের কম আয়ের এককোটি পরিবারকে পণ্য পৌঁছে দিতে ইউনিয়ন পর্যায়ে টিসিবির কার্যক্রম সম্প্রসারণ করা হচ্ছে।
মন্ত্রী বলেন, ‘জিনিসের দাম যাতে সহনীয় পর্যায়ে থাকে, সেজন্য যেসব পণ্যের ওপর শুল্ক ছিল, সেগুলো তুলে নিয়েছি। ভোজ্যতেল, চিনি, ছোলাসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের ওপর আরোপিত শুল্ক প্রত্যাহার করা হয়েছে। মূলত রমজান মাসে যেসব পণ্য বেশি প্রয়োজন, সেসব পণ্যের শুল্ক প্রত্যাহার হয়েছে। কারণ সবাই এগুলোর ভোক্তা।’

জানা গেছে, সয়াবিনের উৎপাদন পর্যায়ে ১৫ শতাংশ এবং ভোক্তাপর্যায়ে ৫ শতাংশ ভ্যাট প্রত্যাহার করা হয়েছে।
এর আগে ভোজ্যতেলের বাজার সামলাতে ভ্যাট তুলে নেওয়ার ইঙ্গিত দেয় জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। ব্যবসায়ীদের দাবির মুখে বাণিজ্য মন্ত্রণালয় ভোজ্য তেলের ওপর ১৫ শতাংশ ভ্যাট প্রত্যাহার করতে চিঠি দিয়েছিল এনবিআরকে।

অপরদিকে বাংলাদেশ ব্যাংকও নিত্য প্রয়োজনীয় ভোগ্যপণ্য আমদানি ঋণপত্রের বিপরীতে ব্যাংকগুলোকে মার্জিন ও কমিশন আগের চেয়ে কমিয়ে রাখার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ নির্দেশনা আগামী ১০ মে পর্যন্ত কার্যকর থাকবে। বৃহস্পতিবার (১০ মার্চ) এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়েছে।

এতে বলা হয়েছে, পবিত্র রমজান মাস এবং ঈদুল ফিতর আসন্ন। অপরদিকে কোভিড-১৯ মহামারি পরবর্তী পরিস্থিতিসহ নিয়ন্ত্রণবহির্ভূত বিভিন্ন কারণে বাজারে আমদানিনির্ভর নিত্য প্রয়োজনীয় ভোগ্যপণ্যের মূল্যের ঊর্ধ্বগতি পরিলক্ষিত হচ্ছে। এমতাবস্থায়, আসন্ন রমজানে নিত্য প্রয়োজনীয় ভোগ্যপণ্যের মূল্যের ঊর্ধ্বগতি রোধ, পণ্যমূল্য সহনীয় পর্যায়ে রাখা এবং পর্যাপ্ত সরবরাহ নিশ্চিতকল্পে ভোজ্যতেল, ছোলা, ডাল, মটর, পেঁয়াজ, মসলা, খেজুর, ফলমূল এবং চিনিসহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় ভোগ্যপণ্য আমদানি ঋণপত্রের ক্ষেত্রে দুইটি নির্দেশনা অনুসরণের জন্য নির্দেশনা দেওয়া হলো।