ঊষার আলো ডেস্ক : মেয়াদ শেষ হওয়ায় নতুন জেলা পরিষদ আইন অনুযায়ী সরকার ৬১টি জেলা পরিষদকে বিলুপ্ত ঘোষণা করেছে।
রবিবার (১৭ এপ্রিল) স্থানীয় সরকার বিভাগের জেলা পরিষদ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। ফলে দীর্ঘ ৫ বছর পর আবার জেলা পরিষদগুলোতে প্রশাসক বসছে।
জেলা পরিষদ গঠনের পর প্রথম সভার মেয়াদ থেকে পাঁচ বছর পূর্ণ হওয়ায় জেলা পরিষদ আইন ২০০০ এর ক্ষমতা বলে পরিষদকে বিলুপ্ত ঘোষণা করল সরকার। এতে বলা হয়, দেশের ৬১টি জেলা পরিষদের মেয়াদ প্রথম সভার তারিখ থেকে পাঁচ বছর উত্তীর্ণ হওয়ায় জেলা পরিষদ আইন ২০০০ এর ৫ ধারা অনুযায়ী পরিষদসমূহ বিলুপ্ত হয়েছে।
আইনের ৮২ ধারা অনুযায়ী এখন থেকে সরকার কর্তৃক জেলা পরিষদের প্রশাসক নিয়োগ দেওয়ার পূর্ব পর্যন্ত আইনের ৭৫ ধারার প্রদত্ত ক্ষমতাবলে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা ও ভারপ্রাপ্ত কর্মকর্তাদের পরিষদের প্রশাসনিক ও আর্থিক ক্ষমতা পরিচালনার দায়িত্ব দেওয়া হলো।
স্থানীয় সরকার বিশেষজ্ঞরা বলেছেন, সরকারের এই প্রজ্ঞাপনের ফলে এর আগে নির্বাচিত জেলা পরিষদ সদস্যরাও আর পদে থাকতে পারবেন না।
