ঊষার আলো প্রতিবেদক : খুলনায় পুলিশের বাধায় বিএনপি বিক্ষোভ সমাবেশ করতে পারেনি। বৃহস্পতিবার (০৯ জুন) মহানগর বিএনপি কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে নগরীর কেডি ঘোষ রোডের দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ পুলিশের বাধায় প- হয়ে যায়। এ সময় দলীয় কার্যালয়ের সামনের মঞ্চ ও ব্যানার খুলে ফেলার অভিযোগ করেন দলটির নেতাকর্মীরা।
এদিকে, পুলিশের ভূমিকার নিন্দা জানিয়ে দলীয় কার্যালয়ের পাশর্^বর্তী হেঁলাতলা মোড় থেকে তাৎক্ষণিক একটি বিক্ষোভ মিছিল বের করে বিএনপির নেতাকর্মীরা। মিছিলটি স্টেশন রোডের মোড়, হেরাজ মার্কেট, সোহরাওয়ার্দী মার্কেট, নিক্সন মার্কেট ও ক্লে রোড এলাকা ঘুরে ডাকবাংলো মোড়ে গিয়ে শেষ হয়।
মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট এস এম শফিকুল আলম মনা ও সদস্য সচিব শফিকুল আলম তুহিন অভিযোগ করে বলেন, বৃহস্পতিবার বেলা সোয়া ১১টায় গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নগরীর কে ডি ঘোষ রোডের দলীয় কার্যালয় চত্বরে বিক্ষোভ সমাবেশের আয়োজন করে বিএনপি।
সমাবেশস্থলে নেতাকর্মীরা জড়ো হতে থাকেন। এ সময় পুলিশ মঞ্চ ও ব্যানার খুলে ফেলে এবং চেয়ার ছুড়ে ফেলে দেয়। পুলিশের বাধায় তারা সমাবেশ করতে পারেনি। এছাড়া নেতাকর্মীদের আটক করার চেষ্টা করা হয়। পরে দলীয় কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে বিএনপি নেতারা পুলিশের এই আচরণের নিন্দা ও প্রতিবাদ জানান।
তবে অভিযোগের বিষয়ে খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান আল মামুন বলেন, অনুমতি না নেওয়ায় তাদের সড়কে সমাবেশ করতে দেওয়া হয়নি। এ ঘটনায় কাউকে আটক করা হয়নি।
