UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

দুর্নীতির ধারণা সূচক-২০২২ প্রকাশ মঙ্গলবার

ঊষার আলো
জানুয়ারি ৩০, ২০২৩ ১১:৩৬ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : বার্লিনভিত্তিক ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল (টিআই) কর্তৃক পরিচালিত ‘দুর্নীতির ধারণা সূচক (সিপিআই)- ২০২২  প্রকাশ করবে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল (টিআই)।

আগামী মঙ্গলবার (৩১ জানুয়ারি) বাংলাদেশসহ ১৮০টি দেশে একযোগে ওই সিপিআই প্রকাশিত হবে।

এ উপলক্ষে রাজধানীতে টিআইবি’র ধানমন্ডির কার্যালয়ে সকাল ১১টায় সংবাদ সম্মেলন করবে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। সংবাদ সম্মেলনে উপস্থিত থাকবেন টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।

এর আগে দুর্নীতির ধারণা সূচক (সিপিআই)-২০২১ অনুসারে বাংলাদেশের স্কোর ছিল ২৬। বিশ্বের সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশের এক ধাপ এগিয়ে ১২তম অবস্থান থেকে ১৩তম অবস্থানে এসেছিল। আর তালিকায় উপরের দিক থেকে বাংলাদেশের অবস্থান ছিল ১৪৭তম। অবশ্য দুর্নীতির এই সূচকে বা স্কোরের ক্ষেত্রে বাংলাদেশের কোনো অগ্রগতি হয়নি। এর আগের বছরের মতো একই স্কোর ছিল। চার বছর ধরেই একই স্কোর রয়েছে৷

২০২১ সালের ২৮ জানুয়ারি দুর্নীতির ধারণা সূচক (সিপিআই) ২০২০ প্রকাশ করা হয়। টিআই কর্তৃক প্রকাশিত সূচকে বিশ্বের ১৮০টি দেশের মধ্যে ‘সবচেয়ে দুর্নীতিগ্রস্ত’ দেশের তালিকায় বাংলাদেশ অবস্থানে ছিল ১২তম। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের প্রতিবেদন অনুযায়ী ২০১৯ সালের তুলনায় ২০২০ সালে বাংলাদেশের অবস্থানের দুই ধাপ অবনমন ঘটে। তবে স্কোর ছিল আগের মতোই।

১৯৯৫ সাল থেকে বেসরকারি সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল দ্বারা প্রতি বছর এই সূচক প্রকাশ করা হয়।

ঊষার আলো-এসএ