UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

জননিরাপত্তায় দেশজুড়ে আনসার ব্যাটালিয়নের ৪২ প্লাটুন মোতায়েন, খুলনায় ৪ প্লাটুন

Mohon Chowdhury
নভেম্বর ২০, ২০২৬ ৯:৪২ অপরাহ্ণ
Link Copied!

 

দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং গুরুত্বপূর্ণ স্থাপনা, শিল্পাঞ্চল ও মহাসড়কের নিরাপত্তা জোরদারে দেশজুড়ে আনসার ব্যাটালিয়নের সদস্য মোতায়েন বাড়ানো হয়েছে। নতুন করে ২০ প্লাটুন সদস্য মোতায়েনের ফলে সারাদেশে মোট ৪২ প্লাটুন আনসার ব্যাটালিয়নের সদস্য নিরাপত্তার দায়িত্ব পালন করছেন। এর মধ্যে খুলনা জেলায় মোতায়েন করা হয়েছে ৪ প্লাটুন।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল থেকে গাজীপুর, গোপালগঞ্জ, খুলনা, ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর ও নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এ মোতায়েন কার্যক্রম বাস্তবায়ন করা হয়।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদের নির্দেশনা ও মোতায়েন পরিকল্পনা অনুযায়ী এসব সদস্য দায়িত্ব পালন করছেন।

বাহিনীর তথ্য অনুযায়ী, গাজীপুরের শিল্পাঞ্চল ও গুরুত্বপূর্ণ মহাসড়কের নিরাপত্তায় ১৩ প্লাটুন সদস্য ভোগড়া বাইপাস, মাওনা, গাছা, মৌচাক, সফিপুর বাজার, চন্দ্রা, পল্লী বিদ্যুৎ, তেলিপাড়া, চান্দনা চৌরাস্তা ও শালনাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে মোতায়েন রয়েছেন।

নারায়ণগঞ্জে ৪ প্লাটুন, গোপালগঞ্জে ৮ প্লাটুন, খুলনায় ৪ প্লাটুন, ফরিদপুরে ৫ প্লাটুন, মাদারীপুরে ৪ প্লাটুন এবং শরীয়তপুরে ৪ প্লাটুন সদস্য দায়িত্ব পালন করছেন।

নারায়ণগঞ্জে চাষাঢ়া মোড়, শিবু মার্কেট, ফতুল্লা স্টেডিয়াম, উডেন ব্রিজ, বিসিক ও কাঁচপুর ব্রিজের পূর্ব ঢালসহ গুরুত্বপূর্ণ এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। অন্যান্য জেলাতেও গুরুত্বপূর্ণ স্থাপনা, জনসমাগমস্থল ও কৌশলগত পয়েন্টে সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন।

আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, মোতায়েন কার্যক্রমের সার্বিক পরিকল্পনা, তদারকি ও সমন্বয়ে রেঞ্জ উপমহাপরিচালক, জেলা কমান্ড্যান্ট ও ব্যাটালিয়ন অধিনায়কসহ দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা কাজ করছেন। সদস্যদের পেশাদারিত্ব, শৃঙ্খলা ও জনবান্ধব আচরণ বজায় রেখে দায়িত্ব পালনের নির্দেশনা দেওয়া হয়েছে।

দেশের সার্বিক নিরাপত্তা, জনসাধারণের নির্বিঘ্ন চলাচল এবং শিল্পাঞ্চলে উৎপাদনের স্বাভাবিক পরিবেশ বজায় রাখতে আনসার ব্যাটালিয়নের এ নিরাপত্তা কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছে বাহিনী।