বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় পবিত্র ঈদুল ফিতরের সময় দুর্বৃত্তরা ২টি মাছের খামারে বিষ দিয়ে খামারিদের আর্থিক ক্ষতি করেছে। বিষে খামারের প্রায় ১৫ লাখ টাকার মাছ মরে-পচে নষ্ট হয়েছে আর এ ঘটনাটি হয়েছে উপজেলার গাংনী (সাতাইশ কুড়ো) এলাকায় শুক্রবার রাতে। এঘটনায় শনিবার ক্ষতিগ্রস্থ ঘের মালিকরা মোল্লাহাট থানায় অভিযোগ করেছেন। ওই অভিযোগে ক্ষতিগ্রস্থ ঘের মালিক ও স্থানীয়রা জানান, উপজেলার গাংনী এলাকার ছালেক সরদারের ছেলে ফুরাঙ্গীর সরদার ও আলমগীর সরদারের পাশাপাশি দু’টি মৎস্য ঘেরে নুতন ও পুরনো চিংড়িসহ বিভিন্ন প্রকারের সাদা মাছ ছিলো। শুক্রবার গভীর রাতে দুটি ঘেরে বিষ দেয় দুর্বৃত্তরা। ফলে ঘেরের চিংড়িসহ সকল প্রকার মাছ মরে অন্তত ১৫ লাখ টাকার ক্ষতি হয়। বিষয়টি জানাজানি হলে এলাকাবাসি জড়ো হয় ওই মাছের খামারে। পরে স্থানীয়দের পরামর্শ নিয়ে ঘের মালিক ফরাঙ্গির সরদার মোল্লাহাট থানায় অভিযোগ দায়ের করেছেন। স্থানীয় ইউপি সদস্য আক্তার শেখ, সাবেক ইউপি সদস্য শেখ আলী আহম্মেদ, সাবেক ইউপি সদস্য মাসুদ ও উপস্থিত গণ্যমান্যদের মধ্যে বদরুল শেখ ও জাকির সিকদারসহ অনেকে বলেন, রাতের আধারে অজ্ঞাত র্দুবৃত্তরা বিষ দিয়ে ঘেরের সকল মাছ মেরে ফেলার এ ঘটনায় ক্ষতিগ্রস্থ দুই ভাই সর্বশান্ত হয়েছে। গত বছরও ঈদের দিন এদেরই আপন ভাই বাদশা সরদারকে নির্মমভাবে হত্যা করছিলো একদল দুর্বৃত্ত। আর এবার অর্থনৈতিকভাবে সর্বশান্ত করতেই তাদের ঘেরের সকল মাছ মেরে ফেলা হয়েছে। জঘন্য এ ঘটনার দৃষ্টান্তমূলক বিচার দাবীতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরী হস্থক্ষেপ কামনা করছেন ক্ষতিগ্রস্থ ঘের মালিক ও স্থানীয়রা। এ বিষয়ে থানার ওসি কাজী গোলাম কবীর রবিবার সকালে জানান, ক্ষতিগ্রস্থরা লিখিত দিয়েছে এবং জঘন্য এ ঘটনার যথাযথ ব্যাবস্থা গ্রহণ করা হবে।
