খুলনা মহানগরীর লবণচরা থানাধীন সাচিবুনিয়া রেললাইনের পাশের ফাঁকা মাঠে রাসেল (২৯) নামের এক যুবককে অপহরণ করে কুপিয়ে গুরুতর জখম করেছে সন্ত্রাসীরা। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, এর আগে বিকেল ৫টা ৪০ মিনিটের দিকে লবণচরার কৃষ্ণনগর এলাকায় মোটরসাইকেলযোগে এসে তিনজন সন্ত্রাসী রাসেলকে জোরপূর্বক তুলে নেয়। অভিযুক্তদের মধ্যে পরিচয় পাওয়া গেছে—সায়েল (২৫) ও রোমান (২৬)। তাদের দুজনেরই পিতার নাম-ঠিকানা এখনও জানা যায়নি। সাথে আরও একজন অজ্ঞাতনামা সন্ত্রাসী ছিল। ভিকটিমকে ধরে তারা বলেন—“তুই সন্ত্রাসী পলাশ বাহিনীর লোক”—এভাবে ভয়ভীতি প্রদর্শন করতে করতে তাকে মোটরসাইকেলে তুলে সাচিবুনিয়া রেললাইনের আগের ফাঁকা মাঠে নিয়ে যায়। সেখানে আরও ৮–১০ জন সন্ত্রাসী যোগ দেয়। পরে সবাই মিলে ধারালো চাপাতি দিয়ে রাসেলের দুই পায়ের গোড়ালি, হাঁটুর ওপর-নীচসহ শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে জখম করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। এ বিষয়ে পুলিশের একাধিক সূত্র জানিয়েছে, ভিকটিম রাসেল সোনাডাঙ্গা থানার একাধিক মামলার আসামি। তবে কী কারণে এ হামলার ঘটনা ঘটেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাটি তদন্ত করছে লবণচরা থানা পুলিশ।
