শিশুদের হাসি, উচ্ছ্বাস আর আনন্দমুখর পদচারণায় উৎসবের আমেজে মুখর হয়ে ওঠে হাতে খড়ি শিশু শিক্ষালয় প্রাঙ্গণ। খুদে শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতিতে বিদ্যালয় চত্বর পরিণত হয় এক প্রাণবন্ত মিলনমেলায়।
শনিবার (২৮ নভেম্বর) খুলনা নগরীর দক্ষিণ টুটপাড়া মুজাহিদপাড়ায় অবস্থিত হাতে খড়ি শিশু শিক্ষালয়ে বর্ণিল আয়োজনে অনুষ্ঠিত হয় শিক্ষার্থীদের বহুল প্রতীক্ষিত ক্লাস পার্টি। সকাল সাড়ে ১০টায় কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সেনা কর্মকর্তা মাহমুদুন নবী মামুন, দৈনিক ইনকিলাবের খুলনা ব্যুরো প্রধান ও সচেতন নাগরিক কমিটি (সনাক) খুলনার সদস্য আসাফুর রহমান কাজল এবং সমাজসেবক ফরহাদ আহম্মেদ।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও পরিচালক মাসুমা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সহকারী প্রধান শিক্ষক ইশরাত জাহান মৌ। এ সময় বিদ্যালয়ের শিক্ষক আসমা উল হুসনা সোহেলী, হুমায়রা, ইশরাত মীম, বৃষ্টি, লামিয়া, আশিকুর রহমান ও রোকনুজ্জামানসহ শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
অতিথিরা তাঁদের বক্তব্যে বলেন, শৈশবের আনন্দময় মুহূর্ত শিশুদের মানসিক বিকাশ, সৃজনশীলতা ও পারস্পরিক বন্ধন তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পড়াশোনার পাশাপাশি এমন আয়োজন শিশুদের মধ্যে সহমর্মিতা, সৌহার্দ্য ও আত্মবিশ্বাস বাড়াতে সহায়ক।
পরে শিশুদের অংশগ্রহণে মনোজ্ঞ পরিবেশনা, খেলাধুলা ও নানা আনন্দঘন আয়োজনে মুখর হয়ে ওঠে অনুষ্ঠানস্থল। হাসি, আনন্দ আর উচ্ছ্বাসে দিনটি খুদে শিক্ষার্থীদের জন্য হয়ে ওঠে স্মরণীয়।
ঊআ-মোচৌ
