বিনোদন ডেস্ক : একটা লম্বা বিরতির পর বলিউডে ফিরছে মিনিশা লম্বা। ২০২০ সালে বহু বছর পর সঞ্জয় দত্তের ‘ভূমি’-তে অভিনয় করেন। আপাতত বেশ কয়েকটি ওয়েব সিরিজ ও ওটিটির ছবিতে তাঁকে দেখা পাওয়ার কথা রয়েছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে ক্যারিয়ারের শুরুতে হওয়া এক বিস্ফোরক ঘটনার উল্লেখ করেছেন মিনিশা।
জানিয়েছেন, তখন একটি বাড়িতে ভাড়া থাকতেন তিনি। তাঁর বিরুদ্ধে চুরির অভিযোগ এনেছিলেন বাড়িওয়ালি। তাঁকে বাধ্য করা হয়েছিল বাড়ি ছেড়ে দিতে।
রেডিও হোস্ট সিদ্ধার্থ কান্নানকে দেওয়া এক সাক্ষাৎকারে মিনিশা বলেন, ‘আমি যখন এলাম (মুম্বাইয়ে), তখন আমার কাছে খুব সামান্য অর্থ ছিল। সেই সময়ে মাসে ৫ হাজার টাকা ভাড়া দিয়ে একটা পিজি (পেয়িং গেস্ট)-তে থাকতাম।
বাড়ির নারী মালিক ১ দিন আমার বিরুদ্ধে অভিযোগ আনে- আমি ওর কাপবোর্ড থেকে টাকা চুরি করেছি। কিছুতেই উনি আমায় বিশ্বাস করতে রাজি ছিল না। সম্মানের খাতিরে সেদিনই ওই বাড়ি ছেড়ে বেরিয়ে আসি। তারপর ৭ হাজার টাকা ভাড়ায় একটা ফ্ল্যাটে থাকতাম। যেটা ছিল শুধু একটা রুম। খুব ছোট ছিল সেই থাকার জায়গা।
কিন্তু সেই মুহূর্তে আমার আর কিছুই করার ছিল না।’ মিনিশা আরো বলেন, ওই নারী আরো কিছুক্ষণ খোঁজার পরেই সেই টাকা পেয়ে গিয়েছিল। কিন্তু নিজের সম্মান রক্ষার্থে আর সেখানে আর থাকিনি। বেশি কিছু না ভেবেই সেই বাড়ি ছেড়ে দিয়েছিলাম।
স্বামী রায়ান থাম-এর সঙ্গে বিবাহবিচ্ছেদ নিয়েও মুখ খুলেন তিনি। বলেন, ‘আমি বলব প্রত্যেক মানুষের ভালোভাবে বাঁচার অধিকার রয়েছে। এখনো আমাদের সমাজে বিবাহবিচ্ছেদকে খারাপভাবে দেখা হয়। কিন্তু এখন সময় বদলেছে। মেয়েরা নিজের পায়ে দাঁড়িয়েছে। তাঁদের নিজস্ব মতামত রয়েছে। তাই বিয়েতে খুশি না থাকলে বেরিয়ে আসার অধিকারও তাঁদেরে রয়েছে।’
(ঊষার আলো-এম.এইচ)
