UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

বটিয়াঘাটায় অগ্নিসন্ত্রাসবিরোধী মিছিল ও সমাবেশ

Mohon Chowdhury
নভেম্বর ২১, ২০২৬ ৯:৩৮ অপরাহ্ণ
Link Copied!

 

খুলনা-১ আসনের সংসদ সদস্য আলহাজ আমীর এজাজ খান বলেছেন, জনগণের ভোটে নির্বাচিত বিএনপি সরকার যখন প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে অর্থনীতি পুনর্গঠন ও দেশকে এগিয়ে নেওয়ার কাজে মনোনিবেশ করেছে, তখন পতিত আওয়ামী লীগ দেশ-বিদেশে নানা ষড়যন্ত্রের মাধ্যমে রাষ্ট্রকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। জ্বালাও-পোড়াও, পেট্রোল বোমা নিক্ষেপ ও থানা ঘেরাওয়ের মতো কর্মকাণ্ডের মাধ্যমে জনজীবন বিপর্যস্ত করার অপচেষ্টা চলছে বলে তিনি অভিযোগ করেন।

শনিবার (২১ নভেম্বর) বিকেল ৩টায় বটিয়াঘাটা উপজেলার সদর, গঙ্গারামপুর ও জলমা ইউনিয়ন বিএনপি এবং অঙ্গসংগঠনের উদ্যোগে জিরোপয়েন্ট চত্বরে আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আমীর এজাজ খান বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা নির্বাচিত সরকারকে উৎখাতের ষড়যন্ত্রে মরিয়া হয়ে উঠেছে। তবে তাদের এসব অপচেষ্টা সফল হবে না। দেশকে অস্থিতিশীল না করে সরকারের উন্নয়নমূলক উদ্যোগে সহযোগিতা করার আহ্বান জানিয়ে তিনি বলেন, অন্যথায় জনগণকে সঙ্গে নিয়ে সরকার কঠোরভাবে পরিস্থিতি মোকাবিলা করবে।

সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন খুলনা জেলা বিএনপির আহ্বায়ক মো. মনিরুজ্জামান মন্টু। তিনি বলেন, দেশের মানুষ শান্তি ও গণতান্ত্রিক পরিবেশ চায়। সন্ত্রাস, চাঁদাবাজি কিংবা নৈরাজ্য সৃষ্টি করে জনগণের জানমালের ক্ষতি করার অপচেষ্টা মেনে নেওয়া হবে না। আওয়ামী লীগের যেকোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড ও ষড়যন্ত্র মোকাবিলায় বিএনপির নেতাকর্মীরা জনগণকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধ রয়েছে।

তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে হবে, যাতে সাধারণ মানুষ নিরাপদে চলাফেরা ও ব্যবসা-বাণিজ্য পরিচালনা করতে পারে। দলের নাম ব্যবহার করে কেউ অপকর্মে জড়ালে তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

এ সময় উপস্থিত ছিলেন বটিয়াঘাটা উপজেলা বিএনপির আহ্বায়ক এজাজুর রহমান শামীম, সদস্য সচিব খন্দকার ফারুক হোসেন, জেলা মুক্তিযোদ্ধা দলের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মো. কামরুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক চেয়ারম্যান এমডি খায়রুল ইসলাম জনি, সাবেক সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান জিকু, সাবেক চেয়ারম্যান আলহাজ আশিকুজ্জামান আশিক, বিএনপি নেতা সাইফুর রহমান, কামরুল ইসলাম সিপার, দাকোপ বিএনপি নেতা মোজাফ্ফর হোসেন, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন খান, ওয়াহেদুজ্জামান, ইউপি চেয়ারম্যান আসলাম হালদার, রুহুল মোমেন লিটন, জিএম হারুন অর রশীদ, রাশেদ কামাল, ইমরান হোসেন মোল্যা, পলাশ মহালদার, শিহাব মোড়ল, আবুবক্কর সিদ্দিক নিরু, বাহাদুর মুন্সি, আবুল হোসেন, আসাবুর রহমান হাওলাদার, মোল্যা হামিদুর রহমান, মহিলা দলনেত্রী আয়শা আক্তার সোনিয়া, বায়েজিদ বিশ্বাস, শাকিল হোসেন, সামছুর রহমান, প্রতিফল বিশ্বাস ও মো. সজীবসহ স্থানীয় নেতাকর্মীরা।

অগ্নিসন্ত্রাসবিরোধী মিছিলটি সাচিবুনিয়া থেকে শুরু হয়ে গল্লামারী মোড় ও খুলনা বিশ্ববিদ্যালয়ের গেট হয়ে জিরোপয়েন্ট গোলচত্বরে গিয়ে শেষ হয়। সংসদ সদস্য আমীর এজাজ খানের ঘোষিত ৪০ দিনের কর্মসূচির দ্বিতীয় দিনে আয়োজিত এ কর্মসূচিতে নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। প্রতিদিন বিকেল ৩টা থেকে দাকোপ ও বটিয়াঘাটায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হবে বলে জানানো হয়।

ঊআ-মোচৌ