সারাদেশে একযোগে অনুষ্ঠিত হয়েছে ‘আইডিয়াল বৃত্তি পরীক্ষা ২০২৬’। শনিবার (২১ নভেম্বর) সকাল ১০টায় আইডিয়াল এডুকেশন সোসাইটির উদ্যোগে দেশের ৩০টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। বৈরী আবহাওয়া উপেক্ষা করে পরীক্ষার্থীদের শতভাগ উপস্থিতি ছিল বলে আয়োজকরা জানিয়েছেন।
এবারের পরীক্ষায় নার্সারি, প্রথম, দ্বিতীয় ও তৃতীয় শ্রেণির প্রায় সাত হাজার শিক্ষার্থী অংশ নেয়। কেন্দ্রগুলোতে উৎসবমুখর পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়।
প্রাথমিক পর্যায়ে ইসলামি ও সাধারণ শিক্ষার মানসম্মত সমন্বয়ের মাধ্যমে শিশুদের যুগোপযোগী ও নৈতিকতাসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তোলাই আইডিয়াল এডুকেশন সোসাইটির লক্ষ্য। এ উদ্দেশ্যে সংগঠনটি সারাদেশের বেসরকারি প্রাথমিক শিক্ষাপ্রতিষ্ঠানের পাঠ্যক্রম উন্নয়ন, দক্ষ ও পেশাদার শিক্ষক তৈরি এবং শিক্ষার্থীদের মেধা যাচাইয়ে বৃত্তি পরীক্ষাসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে।
‘আলোর পথে, জ্ঞানের সাথে’ প্রতিপাদ্যকে সামনে রেখে প্রাথমিক শিক্ষায় ইতিবাচক পরিবর্তন আনতে কাজ করছে সংগঠনটি। আইডিয়াল এডুকেশন সোসাইটির চেয়ারম্যান মুফতি এইচ এম জুনায়েদ মাহমুদ ও মহাসচিব কে এম জাহিদ তিতুমীরের নেতৃত্বে একদল তরুণ ও কর্মঠ শিক্ষক এ কার্যক্রম পরিচালনা করছেন।
ঊআ-মোচৌ
