সুন্দরবনের দুবলার চরের আলোরকোলে রাস পূজা উপলক্ষে বনজ সম্পদ রক্ষা ও পুণ্যার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে বন বিভাগ। আগামী ২২ থেকে ২৪ নভেম্বর তিন দিনব্যাপী এ ধর্মীয় উৎসব অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে সুন্দরবনে টহল, নজরদারি ও নিরাপত্তা কার্যক্রম জোরদার করা হচ্ছে।
বন বিভাগ সূত্রে জানা গেছে, এ বছর পুণ্যার্থীরা নির্ধারিত পাঁচটি রুট ব্যবহার করে যাতায়াত করতে পারবেন। নির্ধারিত রুটের বাইরে অন্য কোনো স্থানে অবস্থান করা যাবে না। বিগত বছরের মতো এবারও শুধু হিন্দু সম্প্রদায়ের লোকজনকে রাস পূজায় অংশগ্রহণের জন্য সুন্দরবনে প্রবেশের অনুমতি দেওয়া হবে।
প্রতিবছর কার্তিক-অগ্রহায়ণের শুক্লপক্ষে সুন্দরবনের শেষ প্রান্তে বঙ্গোপসাগরের তীরবর্তী দুবলার চরের আলোরকোলে রাস পূজা অনুষ্ঠিত হয়। এ সময় দেশের বিভিন্ন অঞ্চল থেকে হাজার হাজার পুণ্যার্থী সমুদ্রস্নান, পূজা-অর্চনা ও ধর্মীয় আচার পালনে সমবেত হন। অনেকেই দুবলার চরকে তীর্থস্থান হিসেবে বিবেচনা করেন।
পুণ্যার্থীদের আগমনকে কেন্দ্র করে বনজ সম্পদ আহরণ, অবৈধ মাছ ধরা, বন্যপ্রাণীর ক্ষতিসহ অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে বিশেষ সতর্কতা নেওয়া হয়েছে। বন বিভাগের বিভিন্ন টিমের পাশাপাশি স্মার্ট টিমও টহল ও নজরদারি পরিচালনা করবে। সংশ্লিষ্ট স্টেশন ও টহল ফাঁড়ির কর্মকর্তাদের আগেভাগেই নিরাপত্তা কার্যক্রম জোরদারের নির্দেশ দেওয়া হয়েছে।
খুলনা রেঞ্জের সহকারী বন সংরক্ষক ও রেঞ্জ কর্মকর্তা মো. সাজমিনুর ইসলাম বলেন, রাস পূজা উপলক্ষে খুলনা রেঞ্জের বিভিন্ন টিমের মাধ্যমে টহল পরিচালনা করা হবে। নিরাপত্তা ও নজরদারিতে স্মার্ট টিমও কাজ করবে। ইতোমধ্যে সংশ্লিষ্ট স্টেশন কর্মকর্তা ও টহল ফাঁড়ির দায়িত্বপ্রাপ্তদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়েছে। পুণ্যার্থীরা যাতে হয়রানি ছাড়াই সুন্দরবনে প্রবেশ ও যাতায়াত করতে পারেন, সে বিষয়েও বন বিভাগ সতর্ক থাকবে।
রাস পূজাকে সামনে রেখে গত ১৯ নভেম্বর সকাল ১০টায় খুলনা রেঞ্জ কার্যালয়ে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সহকারী বন সংরক্ষক ও রেঞ্জ কর্মকর্তা মো. সাজমিনুর ইসলাম। সভায় উপস্থিত ছিলেন নলিয়ান স্টেশন কর্মকর্তা মো. আল আমিন, বানিয়াখালী স্টেশন কর্মকর্তা কে এম রাশেদ সাদাত, কাশিয়াবাদ স্টেশন কর্মকর্তা মো. সাদেকুর রহমান, কালাবগী স্টেশন কর্মকর্তা মো. আনোয়ার হোসেন, নীলকমল বিশেষ টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রোকনুজ্জামান, কাগা বন টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নাসির উদ্দীনসহ বিভিন্ন টহল ফাঁড়ির কর্মকর্তারা।
সভায় আশঙ্কা প্রকাশ করা হয়, রাস পূজাকে কেন্দ্র করে একটি অসাধু চক্র বনজ সম্পদ আহরণের অপচেষ্টা চালাতে পারে। এ ধরনের তৎপরতা প্রতিরোধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। পাশাপাশি পুণ্যার্থীদের নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে বন বিভাগের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেওয়া হয়।
সুন্দরবন পশ্চিম বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) এজেডএম হাছানুর রহমান বলেন, রাস পূজায় তীর্থযাত্রীরা যাতে নির্বিঘ্নে যাতায়াত করতে পারেন, সে জন্য বন বিভাগের পক্ষ থেকে সার্বিক প্রস্তুতি নেওয়া হয়েছে। পূজাকে কেন্দ্র করে সুন্দরবনে অভিযান পরিচালনার জন্য কয়েকটি টিম গঠন করা হয়েছে। তিনি নিজেও টহল কার্যক্রম পরিচালনা করবেন।
ঊআ-মোচৌ
