তথ্য-প্রযুক্তির উৎকর্ষ সাধনের মধ্য দিয়ে একটি স্বাবলম্বী বাংলাদেশ গড়তে প্রধানমন্ত্রী তারেক রহমান কাজ শুরু করেছেন বলে মন্তব্য করেছেন খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু।
শনিবার দুপুরে নগরীর জলিল টাওয়ার চত্বরে খুলনা ডিজিটাল কম্পিউটার ফেয়ার-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। খুলনা কম্পিউটার ব্যবসায়ী সমিতি এ মেলার আয়োজন করে।
কেসিসি প্রশাসক বলেন, প্রযুক্তিগত অগ্রগতিতে বিশ্বের তুলনায় বাংলাদেশ অনেক পিছিয়ে রয়েছে। দ্রুত অগ্রগতি অর্জন করতে না পারলে বিশ্ব প্রতিযোগিতায় তাল মিলিয়ে চলা কঠিন হবে। এ ক্ষেত্রে প্রযুক্তিবিষয়ক মেলার আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের আয়োজন নতুন প্রযুক্তির সঙ্গে পরিচিত হওয়ার পাশাপাশি ভবিষ্যৎ পরিকল্পনা গ্রহণেও সহায়ক হবে।
তিনি খুলনায় একটি বিভাগীয় ট্রেড সেন্টার গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করে বলেন, এর মাধ্যমে এ অঞ্চলের বাণিজ্যের প্রসার ঘটবে। পাশাপাশি সম্মিলিত উদ্যোগে একটি নিরাপদ খুলনা গড়ে তুলতে হবে।
অনুষ্ঠানে বেলুন ও ফেস্টুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন তিনি। পরে মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করে প্রদর্শিত প্রযুক্তিপণ্য ও নতুন উদ্ভাবন সম্পর্কে খোঁজখবর নেন।
খুলনা কম্পিউটার ব্যবসায়ী সমিতির সভাপতি মো. জিয়াউর রহমান জিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) কানিজ ফাতেমা লিজা, বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি মো. জহিরুল ইসলাম, মহাসচিব মুহাম্মদ মনিরুল ইসলামসহ প্রযুক্তি ও ব্যবসায়ী খাতের প্রতিনিধিরা।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জলিল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ড. সৈয়দ কামরুল ইসলাম। সঞ্চালনা করেন সমিতির সাধারণ সম্পাদক মো. আজিজ হোসেন সুমন। শুভেচ্ছা বক্তব্য দেন মেলা আয়োজক কমিটির আহ্বায়ক এইচ এম মোস্তাফিজুর রহমান রিহিন।
ঊআ-মোচৌ
