খুলনার ফুলতলা উপজেলার পথের বাজার এলাকায় সড়ক দুর্ঘটনায় দৈনিক প্রবাহের ফুলবাড়ী গেট প্রতিনিধি ও খানজাহান আলী থানা সাংবাদিক ইউনিটির সভাপতি শেখ বদর উদ্দিনসহ তিনজন আহত হয়েছেন। শুক্রবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, মশিয়ালী হযরত আবদুল কাদের জিলানী (রহ.) মাদ্রাসার দুই দিনব্যাপী তাফসীরুল কোরআন মাহফিল থেকে একটি প্রাইভেটকারে পাঁচজন ফিরছিলেন। পথিমধ্যে পথের বাজার এলাকায় পৌঁছালে গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে। এতে গাড়িতে থাকা পাঁচজনের মধ্যে তিনজন আহত হন।
আহতরা হলেন সাংবাদিক শেখ বদর উদ্দিন, মোল্লা মোকসেদ আলী ও শেখ আসাদ হোসেন। স্থানীয়দের সহযোগিতায় তাদের উদ্ধার করে খুলনার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সাংবাদিক বদর উদ্দিন মাথা, বুকসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত পান। অন্য দুজনও বুকে ব্যথা অনুভব করেন।
হাসপাতালে চিকিৎসা ও প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসকরা তাদের শারীরিক অবস্থা আশঙ্কামুক্ত বলে জানান। পরে রাতেই তারা বাড়ি ফিরে যান।
প্রাইভেটকারে থাকা অপর দুই যাত্রী গিলাতলা জবেদা কাদের ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ শেখ গোলাম কিবরিয়া মিন্টু ও চালক রাজু আহমেদ অক্ষত রয়েছেন।
আহত সাংবাদিকসহ তিনজনের দ্রুত ও সম্পূর্ণ সুস্থতা কামনায় পরিবারের পক্ষ থেকে সবার কাছে দোয়া চাওয়া হয়েছে।
ঊআ-মোচৌ
