খুলনায় সন্ত্রাস ও চাঁদাবাজি বন্ধে প্রশাসনকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি উচ্চারণ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা অঞ্চল টিম সদস্য মাওলানা আবুল কালাম আজাদ এমপি।
তিনি বলেছেন, খুলনার ব্যবসায়ী সমাজ আজ সর্বস্বান্ত হওয়ার পথে। রাজপথ ও অলিগলির পাশাপাশি ব্যবসাপ্রতিষ্ঠান, হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার এবং রেস্টুরেন্টের মতো গুরুত্বপূর্ণ ও সেবামূলক প্রতিষ্ঠানেও হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটছে। ব্যবসায়ী, পেশাজীবী ও সাধারণ মানুষ একশ্রেণির দুর্বৃত্ত ও চাঁদাবাজের কাছে জিম্মি হয়ে পড়েছেন। খুলনার মানুষ শান্তি ও নিরাপত্তা চায়। অবিলম্বে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি রোধ এবং সন্ত্রাস ও চাঁদাবাজি বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে হবে। অন্যথায় সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।
শনিবার (১৪ নভেম্বর) সকালে নগরীর আল ফারুক সোসাইটি মিলনায়তনে খুলনা মহানগরী জামায়াতে ইসলামীর কর্মপরিষদ বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
খুলনা মহানগরী জামায়াতের আমীর মোহাম্মদ মাহফুজুর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন অধ্যাপক নজিবুর রহমান, এডভোকেট শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল এমপি, এডভোকেট শাহ আলম, প্রিন্সিপাল শেখ জাহাঙ্গীর আলম, আজিজুল ইসলাম ফারাজী, ড. আবু রুবাবা, মাওলানা আবু বকর সিদ্দিক, আ ন ম আব্দুল কুদ্দুস, মীম মিরাজ হোসাইন, মুকাররম বিল্লাহ আনসারী, অধ্যাপক জুলফিকার আলী, মাওলানা শাহারুল ইসলাম, মাওলানা শেখ মো. অলিউল্লাহ, অধ্যাপক মো. ইকবাল হোসাইন, এডভোকেট শফিকুল ইসলাম লিটন, মুহাম্মাদ আব্দুল গফুর, মো. আনিসুর রহমান ও মুশাররফ আনসারীসহ অনেকে।
মাওলানা আবুল কালাম আজাদ এমপি বলেন, খুলনার মাটি ও মানুষের নিরাপত্তা আজ বিপন্ন। একের পর এক হত্যাকাণ্ড, সংঘর্ষ ও চাঁদাবাজির ঘটনায় মানুষ উদ্বেগ-উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে। মানুষের মৌলিক অধিকার, জীবনের নিরাপত্তা এবং ব্যবসা-বাণিজ্যের পরিবেশ ধ্বংসের মুখে। তাঁর দাবি, চলতি বছরেই খুলনায় রাজনীতিক ও ব্যবসায়ীসহ মোট ৭৮ জন মানুষ খুন হয়েছেন। এ ধরনের রক্তপাত কোনোভাবেই মেনে নেওয়া যায় না।
তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে থাকা সরকার ও প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে। জনগণের জানমালের নিরাপত্তা দিতে না পারা দায়িত্বশীল আচরণ নয়। সরকারের উদাসীনতা ও ব্যর্থতার কারণে অপরাধীরা আরও বেপরোয়া হয়ে উঠেছে। সাধারণ মানুষের ধৈর্যেরও সীমা রয়েছে; জনগণ আর কত দিন এই নৈরাজ্য সহ্য করবে?
তিনি দলমত নির্বিশেষে খুলনার শান্তিপ্রিয় মানুষকে ঐক্যবদ্ধ করে সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে দাঁড়ানোর প্রস্তুতি নিতে দায়িত্বশীলদের প্রতি আহ্বান জানান। জনগণের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনে রাজপথে নামার কথাও বলেন তিনি।
ঊআ-মোচৌ
