UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশ নেভাল একাডেমিতে শীতকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠিত

ঊষার আলো ডেস্ক
ডিসেম্বর ৭, ২০২৫ ৬:৩৫ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশ নেভাল একাডেমিতে আজ রবিবার নৌবাহিনীর মিডশিপম্যান ২০২৩-এ ব্যাচের প্রশিক্ষণ সমাপনী উপলক্ষে বর্ণাঢ্য শীতকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে। নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণ করেন। তিন বছরের কঠোর সামরিক প্রশিক্ষণ শেষে ০২ জন নারীসহ মোট ৩১ জন মিডশিপম্যান এ অনুষ্ঠানের মাধ্যমে সাব-লেফটেন্যান্ট পদে কমিশন লাভ করেন।

কুচকাওয়াজ শেষে নৌবাহিনী প্রধান বিভিন্ন বিষয়ে সেরা কৃতিত্ব অর্জনকারী প্রশিক্ষণার্থীদের মাঝে সম্মানজনক পদক প্রদান করেন। মিডশিপম্যান সৈয়দ তাহসিন আহমেদ (এল), বিএন সর্বোচ্চ মান অর্জন করে ‘সোর্ড অব অনার’ লাভ করেন। মিডশিপম্যান এস এম আবরার ওবাইদ (ই), বিএন প্রশিক্ষণে দ্বিতীয় স্থান অর্জন করে ‘নৌ প্রধান স্বর্ণপদক’ পান। পরে নবীন কর্মকর্তারা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার শপথ গ্রহণ করেন।

অনুষ্ঠানে নেভাল এভিয়েশনের মেরিটাইম পেট্রোল এয়ারক্রাফট ও হেলিকপ্টারের ফ্লাইপাস্ট বিশেষ আকর্ষণ সৃষ্টি করে। এ সময় নৌবাহিনী প্রধান, আমন্ত্রিত অতিথি এবং সদ্য কমিশনপ্রাপ্তদের অভিভাবকবৃন্দ নবীন কর্মকর্তাদের কাঁধে এ্যাপুলেট পরিয়ে দেন।

ভাষণে নৌবাহিনী প্রধান মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী বীর মুক্তিযোদ্ধা ও নৌ কমান্ডোদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানান। তিনি বলেন, প্রযুক্তিনির্ভর ত্রিমাত্রিক বাহিনী গঠনে সিম্যুলেশনভিত্তিক প্রশিক্ষণ, আধুনিক প্ল্যাটফর্ম সংযোজন ও নিজস্ব প্রযুক্তি উদ্ভাবনের মাধ্যমে নৌবাহিনী দ্রুত সক্ষমতা বৃদ্ধি করছে। দেশীয় প্রযুক্তিতে এলপিসি, এলসিটি, ডাইভিং বোট নির্মাণের পাশাপাশি হেলিকপ্টার, আনম্যান্ড এয়ারক্রাফট ও বিভিন্ন সক্ষমতার জাহাজ সংযোজনের প্রক্রিয়া চলমান রয়েছে।

তিনি আরও বলেন, সমুদ্রসীমার সার্বভৌমত্ব রক্ষা, সামুদ্রিক সম্পদের সুরক্ষা, দুর্যোগকালীন মানবিক সহায়তা, সংকট সময়ে আইন-শৃঙ্খলা রক্ষা এবং রাষ্ট্রীয় স্থাপনার নিরাপত্তায় নৌবাহিনী গৌরবময় ভূমিকা পালন করে যাচ্ছে। নবীন কর্মকর্তাদের উদ্দেশে তিনি দেশপ্রেম, সততা, সঠিক নেতৃত্ব ও আত্মত্যাগের মন্ত্রে বলীয়ান হয়ে সেনা ও বিমানবাহিনীর সাথে কাঁধে কাঁধ মিলিয়ে দায়িত্ব পালনের আহ্বান জানান।

অনুষ্ঠানে সামরিক-বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং নবীন কর্মকর্তাদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।

ঊআ-মোহন চৌধুরী