UsharAlo logo
, |

সমুদ্রপথে অবৈধভাবে বিদেশ গমনকালে ২৭৩ জন আটক, মানবপাচার রোধে নৌবাহিনীর সফল অভিযান

ঊষার আলো ডেস্ক
জানুয়ারি ৫, ২০২৬ ১২:২০ অপরাহ্ণ
Link Copied!

সমুদ্রপথে অবৈধভাবে বিদেশে গমনের চেষ্টা প্রতিহত করে ২৭৩ জন ব্যক্তিকে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী। বঙ্গোপসাগরে টহলরত নৌবাহিনীর জাহাজ ‘বানৌজা স্বাধীনতা’ গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (৩ জানুয়ারি) দিবাগত রাতে সেন্টমার্টিন্স দ্বীপ সংলগ্ন সমুদ্র এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে এ সাফল্য অর্জন করে।

নৌবাহিনী সূত্র জানায়, সেন্টমার্টিন্স দ্বীপ থেকে প্রায় ৩০ মাইল দক্ষিণ-পশ্চিমে একটি কাঠের বোটের সন্দেহজনক গতিবিধি নজরে আসে। নৌবাহিনীর জাহাজ বোটটিকে থামার সংকেত দিলে সেটি না থেমে গতি বাড়িয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে ‘বানৌজা স্বাধীনতা’ তাৎক্ষণিকভাবে ধাওয়া করে বোটটিকে আটক করতে সক্ষম হয়।

অভিযানকালে বোটে থাকা দালালচক্রের ১০ সদস্যসহ মোট ২৭৩ জনকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানায়, তারা দালালচক্রের মাধ্যমে অবৈধভাবে মালয়েশিয়ায় যাওয়ার উদ্দেশ্যে সমুদ্রপথে যাত্রা শুরু করেছিল। আটককৃত কাঠের বোট ও সকল ব্যক্তিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।

নৌবাহিনী আরও জানায়, আটককৃত বোটটিতে ন্যূনতম জীবনরক্ষাকারী সরঞ্জাম, পর্যাপ্ত খাদ্য, পানি ও প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা ছিল না। এ অবস্থায় গভীর সমুদ্রে যাত্রা করলে বড় ধরনের মানবিক বিপর্যয় ঘটার আশঙ্কা ছিল। নৌবাহিনীর সময়োচিত ও কার্যকর পদক্ষেপের ফলে সম্ভাব্য একটি বড় মানবপাচার ও প্রাণহানির ঘটনা প্রতিহত করা সম্ভব হয়েছে।

বাংলাদেশ নৌবাহিনী দেশের জলসীমার নিরাপত্তা নিশ্চিতকরণ, সমুদ্রপথে চোরাচালান ও মানবপাচার রোধ, অবৈধ অনুপ্রবেশসহ সব ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে সর্বদা তৎপর ও অঙ্গীকারবদ্ধ বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

ঊআ-মোহন চৌধুরী