UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

মায়ানমারে পাচারকালে সিমেন্টসহ ২০ জন আটক

Mohon Chowdhury
জুন ২, ২০২৬ ৬:৪৬ অপরাহ্ণ
Link Copied!

পাচারের সময় ১ হাজার ৭০০ বস্তা সিমেন্টবোঝাই দুটি ইঞ্জিনচালিত বোটসহ ২০ জনকে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী। মঙ্গলবার (২ জুন) সেন্টমার্টিন দ্বীপ সংলগ্ন বঙ্গোপসাগরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
নৌবাহিনী সূত্রে জানা গেছে, দেশের সমুদ্রসীমায় সার্বভৌমত্ব রক্ষা, সামুদ্রিক নিরাপত্তা নিশ্চিত এবং সমুদ্রে সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে নিয়মিত টহল কার্যক্রম পরিচালনার অংশ হিসেবে একটি নৌবাহিনী জাহাজ সেন্টমার্টিন লাইটহাউস থেকে প্রায় ১৯ মাইল দূরে সন্দেহজনক দুটি ইঞ্জিনচালিত কাঠের বোটের গতিবিধি লক্ষ্য করে। পরে ধাওয়া করে ‘মা-২’ ও ‘নিশান-২’ নামের বোট দুটি আটক করা হয়।
তল্লাশি চালিয়ে ‘মা-২’ বোট থেকে ৯০০ বস্তা এবং ‘নিশান-২’ বোট থেকে ৮০০ বস্তা সিমেন্ট উদ্ধার করা হয়। একই সময় সিমেন্ট পাচারের সঙ্গে জড়িত ২০ জনকে আটক করা হয়।
আটক ব্যক্তিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানান, অধিক মুনাফার আশায় তারা সিমেন্টগুলো মায়ানমারে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন।
অভিযান শেষে উদ্ধারকৃত সিমেন্ট এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।
বাংলাদেশ নৌবাহিনী জানিয়েছে, দেশের সামুদ্রিক সম্পদ সুরক্ষা, চোরাচালান ও পাচার প্রতিরোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ঊআ-মোচৌ