বাংলাদেশ বিমান বাহিনীর ব্যবস্থাপনায় পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানটির নতুন নাম ‘বিএএফ শাহীন স্কুল বালুঘাট’ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছেন বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন।
রোববার (২২ নভেম্বর) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি প্রতিষ্ঠানটির নতুন নাম উদ্বোধন করেন।
অনুষ্ঠানে বিমান বাহিনী প্রধান প্রতিষ্ঠানটির অতীত ঐতিহ্য ও অর্জনের প্রতি শ্রদ্ধা জানিয়ে সংশ্লিষ্ট সবার অবদান কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন। তিনি বলেন, এ দিনটি শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠানের নাম পরিবর্তনের নয়; বরং নতুন প্রত্যাশা, সম্ভাবনা ও অভিযাত্রার সূচনা। ২০২৪ সালের আগস্টে বাংলাদেশ বিমান বাহিনী প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনার দায়িত্ব গ্রহণ করে একে আধুনিক, মানসম্মত ও আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেয়। এরই ধারাবাহিকতায় নতুন পরিচয়ে প্রতিষ্ঠানটির যাত্রা শুরু হলো।
তিনি শিক্ষার্থীদের সততা, নৈতিকতা, দেশপ্রেম, মানবিকতা, শৃঙ্খলা ও দায়িত্ববোধের চর্চার মাধ্যমে আদর্শ মানুষ হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান। পাশাপাশি বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনে দক্ষতা অর্জনের মাধ্যমে ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত হওয়ার ওপর গুরুত্ব দেন। শিক্ষকদের আধুনিক শিক্ষাপদ্ধতি ও নৈতিক শিক্ষার সমন্বয়ে শিক্ষার্থীদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বানও জানান তিনি।
উদ্বোধনী অনুষ্ঠানে সহকারী বিমান বাহিনী প্রধান (প্রশাসন), সহকারী বিমান বাহিনী প্রধান (রক্ষণাবেক্ষণ), বিমান বাহিনী ঘাঁটি বীর উত্তম এ কে খন্দকারের এয়ার অধিনায়ক, বিমান সদরের সংশ্লিষ্ট পরিচালক ও ঊর্ধ্বতন কর্মকর্তারা, শিক্ষক-শিক্ষিকা এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
ঊআ-মোচৌ
