‘মাঠে কৃষকের সাথে মিমপেক্স, চলো এগিয়ে চলো বাংলাদেশ’ স্লোগানকে সামনে রেখে খুলনার ডুমুরিয়ায় মিমপেক্স এগ্রোকেমিক্যালস লিমিটেডের উদ্যোগে রিটেইলারদের সম্মেলন ও প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় ডুমুরিয়া বাজারের মেসার্স কৃষি ভান্ডারের আয়োজনে ঝিনাইদহের জোহান ড্রিম ভ্যালী পার্কের মিলনায়তনে দিনব্যাপী এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে ডুমুরিয়া উপজেলার ১৪টি ইউনিয়ন থেকে আসা ৭০ জন রিটেইলার অংশগ্রহণ করেন।
মেসার্স কৃষি ভান্ডারের স্বত্বাধিকারী ও মিমপেক্স এগ্রোকেমিক্যালস লিমিটেডের পরিবেশক মো. মনিরুজ্জামান সরদারের সভাপতিত্বে এবং প্রতিষ্ঠানটির সেলস প্রমোশন অফিসার হাসিবুল হাসান (সাকিবের) সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মিমপেক্স এগ্রোকেমিক্যালস লিমিটেডের সেলস ম্যানেজার দিপলুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে দিপলুর রহমান বলেন, দেশের খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে কৃষকদের সঠিক পরামর্শ ও মানসম্মত কৃষি উপকরণ সরবরাহ করা জরুরি। রিটেইলাররা কোম্পানি ও প্রান্তিক কৃষকদের মধ্যে সরাসরি সেতুবন্ধন হিসেবে কাজ করেন। সঠিক রোগ নির্ণয় করে কৃষকদের উপযুক্ত পণ্য সরবরাহ করা গেলে তাঁরা আর্থিকভাবে লাভবান হবেন এবং কৃষি উৎপাদন বাড়বে।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মিমপেক্স এগ্রোকেমিক্যালস লিমিটেডের রিজিওনাল সেলস ম্যানেজার মো. কাইয়ুম হোসেন, এরিয়া ম্যানেজার মো. সিরাজুল ইসলাম এবং ডুমুরিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ মাহতাব হোসেন।
মো. কাইয়ুম হোসেন বলেন, আধুনিক ও লাভজনক কৃষির জন্য ফসলের রোগবালাই দমনে সঠিক সময়ে সঠিক মাত্রায় বালাইনাশক প্রয়োগ গুরুত্বপূর্ণ। প্রশিক্ষণ থেকে অর্জিত জ্ঞান মাঠপর্যায়ে কৃষকদের মধ্যে ছড়িয়ে দিতে তিনি রিটেইলারদের প্রতি আহ্বান জানান।
শেখ মাহতাব হোসেন বলেন, ডুমুরিয়া কৃষিপ্রধান অঞ্চল। এখানকার অর্থনীতি কৃষির ওপর নির্ভরশীল। ব্যবসায়িক মুনাফার পাশাপাশি নকল ও ভেজালমুক্ত কৃষি উপকরণ কৃষকদের হাতে পৌঁছে দিয়ে রিটেইলারদের কৃষকের প্রকৃত বন্ধু হিসেবে কাজ করা উচিত।
এরিয়া ম্যানেজার মো. সিরাজুল ইসলাম বলেন, রিটেইলারদের দক্ষতা বৃদ্ধি ও পণ্যের গুণগত মান সম্পর্কে স্পষ্ট ধারণা দিতেই এ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।
সভাপতির বক্তব্যে মো. মনিরুজ্জামান সরদার সম্মেলনে অংশগ্রহণকারী রিটেইলারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সততা ও নিষ্ঠার সঙ্গে কৃষকদের সেবা দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
দিনব্যাপী সম্মেলনে ফসলের বিভিন্ন রোগবালাই দমন, আধুনিক বালাই ব্যবস্থাপনা এবং কোম্পানির নতুন পণ্য সম্পর্কে রিটেইলারদের প্রশিক্ষণ দেওয়া হয়। অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীদের মধ্যে শুভেচ্ছা উপহার বিতরণ করা হয়।
ঊআ-মোচৌ
