ঊষার আলো রিপোর্ট : নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার আমিশাপাড়া ইউনিয়নে মাদকসেবনে বাধা দেওয়ায় মো. মাহফুজুর রহমান (২২) নামে ১ যুবককে ছুরিকাঘাতে হত্যা করেছে মাদকসেবীরা।
৫ মে বুধবার রাত ৯টার দিকে সাত ঘরিয়া গ্রামের কাজীরখিল বাজার এলাকায় এ ঘটনা ঘটেছে। নিহত মাহফুজুর রহমান ওই এলাকার শহীদ উল্যার ছেলে। সে পেশায় ১ জন রাজমিস্ত্রি ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যায় কাজীরখিল বাজারে যাওয়ার সময়ে বাড়ির পাশের বাগানে আল আমিনকে (১৭) গাঁজা সেবন করতে দেখে মাহফুজ। এ সময়ে গাঁজাসহ আল আমিনকে ধরে স্থানীয় মুরব্বিদের হাতে তুলে দেয় সে। রাত ৯টার দিকে বাজার থেকে বাড়ি ফেরার পথে পাশের বাগানে ওত পেতে থাকা ইশতিয়াক (১৯) ও আরমান হোসেন (১৭) দেশীয় অস্ত্র নিয়ে মাহফুজের ওপর হামলা চালায়। এ সময়ে তারা ধারালো ছুরি দিয়ে মাহফুজের বুকের বাম পাশে, তল পেটে, হাত ও পায়ে এলোপাতাড়ি জখম করে। মাহফুজের চিৎকারে বাড়ি থেকে তার চাচা ও চাচাতো ভাইরা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। আশঙ্কাজনক অবস্থায় মাহফুজকে উদ্ধার করে বজার মেডিকেলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
নিহতের মাহফুজের স্বজনরা বলেন, গত শবেবরাতের রাতে একই বাড়ির ইশতিয়াককে মাদক সেবন করতে বাধা দেয় মাহফুজ। এনিয়ে তাদের মধ্যে বাকবির্তকও হয়েছিল। আজ এবং আগের এ ঘটনার জের ধরে ইশতিয়াক এ হত্যাকাণ্ড ঘটিয়েছে বলেও জানিয়েছেন তিনি।
সোনাইমুড়ী থানার ওসি মো. গিয়াস উদ্দিন বলেন, নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সকালে ময়নাতদন্তের জন্য লাশ মর্গে প্রেরণ করা হবে। ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করা হবে।
(ঊষার আলো- এম.এইচ)
