
চট্টগ্রাম, ১৭ নভেম্বর ২০২৫ — বাংলাদেশে পাঁচ দিনের শুভেচ্ছা সফরে রাশিয়ান নৌবাহিনীর যুদ্ধজাহাজ ‘গ্রিমিয়াশ্চি’ (GREMYASHCHY) আজ সোমবার চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে। জাহাজটি বন্দরে নোঙর করলে কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চলের পক্ষ থেকে চিফ স্টাফ অফিসার জাহাজের অধিনায়ক, কর্মকর্তা ও নাবিকদের আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান। এ সময় নৌবাহিনীর সুসজ্জিত বাদকদল ঐতিহ্যবাহী রীতি অনুযায়ী ব্যান্ড পরিবেশন করে।
স্বাগত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার মিলিটারি অ্যাটাশে এবং নৌবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তারা। এর আগে বাংলাদেশের জলসীমায় প্রবেশের পরপরই বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ ‘বানৌজা ওমর ফারুক’ রাশিয়ান জাহাজটিকে অভ্যর্থনা জানায়।
বাংলাদেশ সফরকালে ‘গ্রিমিয়াশ্চি’ জাহাজের অধিনায়ক, রাশিয়ার মিলিটারি অ্যাটাশে এবং প্রতিনিধিদল কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চল, কমান্ডার বিএন ফ্লিট, এরিয়া সুপারিনটেনডেন্ট ডকইয়ার্ড এবং চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। সফরকারী দলের সদস্যরা বাংলাদেশ নেভাল একাডেমিতে রেডকিন পয়েন্টে পুস্পস্তবক অর্পণ করবেন এবং নৌবাহিনীর ঘাঁটি, জাহাজ, বিএন আশার আলো স্কুলসহ চট্টগ্রামের বিভিন্ন দর্শনীয় ও ঐতিহাসিক স্থান পরিদর্শন করবেন। একই সঙ্গে বাংলাদেশ নৌবাহিনীর সদস্যরাও রাশিয়ান জাহাজটি পরিদর্শন করবেন।
এই শুভেচ্ছা সফর দুই দেশের নৌবাহিনীর পারস্পরিক সম্পর্ক জোরদার, পেশাগত দক্ষতা ও অভিজ্ঞতা বিনিময় এবং ভবিষ্যৎ প্রশিক্ষণ সহযোগিতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
রাশিয়ান যুদ্ধজাহাজটি আগামী ২১ নভেম্বর ২০২৫ বাংলাদেশ ত্যাগ করবে।
ঊআ-মোহন চৌধুরী
