UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

শেষ হতে যাচ্ছে ‘রাণী রাসমণি’ সিরিয়াল!

ঊষার আলো
মে ২০, ২০২১ ১:২৩ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো বিনোদন ডেস্ক : ওপার বাংলার জনপ্রিয় সিরিয়াল ‘করুণাময়ী রাণী রাসমণি’। ২০১৭ সালের ২৪ জুলাই থেকে শুরু হয়েছিল এটি। এতে নামভূমিকায় অভিনয় করছে দিতিপ্রিয়া রায়। প্রচারের পর টিআরপির শীর্ষ অবস্থান দখল করে রেখেছিল সিরিয়ালটি।
নতুন খবর হয়েছে, ১৯ মে বুধবার প্রকাশ হয়েছে সিরিয়ালটির নতুন টিজার। সেখানে বলতে শোনা যায়, ‘রাণী তোর জীবনকাল সমাপ্ত হয়ে আসছে।’ এতেই তোলপাড় নেটদুনিয়া। নেটিজেনদের ধারণা, শেষ হতে যাচ্ছে সিরিয়ালটি।
ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, গত মঙ্গলবার প্রকাশ হয়েছে দেবশ্রী রায়ের নতুন সিরিয়াল ‘সর্বজয়া’র টিজার। ‘করুণাময়ী রাণী রাসমণি’র পরিবর্তে জি বাংলায় শুরু হতে যাচ্ছে এ সিরিয়ালটি। যদিও এ বিষয়ে চ্যানেল কর্তৃপক্ষ পরিষ্কার কিছু বলছে না।
‘রাণী রাসমনির’ সিরিয়ালের পরিচালক রাজেন্দ্রপ্রসাদ কলকাতার একটি সংবাদমাধ্যমকে বলেন, ‘রাণীর পর্ব শেষ হয়ে যাচ্ছে, তা ঠিক। তবে ধারাবাহিক শেষ হওয়ার বিষয়ে এখনও চ্যানেলের পক্ষ থেকে কিছু জানানো হয়নি। শেষ পর্বের প্রমো শুট করে মন খারাপ হয়েছিল দিতিপ্রিয়ার।’
‘রাণী রাসমণির’ সিরিয়ালে দিতিপ্রিয়ার বিপরীতে রাজ চন্দ্র চরিত্রে ছিলেন বাংলাদেশের গাজী আবদূন নূর। মথুরামোহনের চরিত্রে অভিনয় করেছে উত্তমকুমারের নাতি গৌরব চট্টোপাধ্যায়। পরে রামকৃষ্ণর ভূমিকায় অভিনয় করেন সৌরভ সাহা। এ ছাড়া বাকি চরিত্রগুলোর অভিনেতা-অভিনেত্রীরাও দর্শকের মন জয় করে নিয়েছিলেন।

(ঊষার আলো- এম.এইচ)