UsharAlo logo
, |

হলুদ রঙের তরমুজ চাষে সফল দুলাল

ঊষার আলো
মে ২২, ২০২১ ৬:১০ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : দুলাল মিয়া বয়স ৩০ বছর। কৃষি কাজ করেই তিনি তার জীবিকা নির্বাহ করেন। তবে তিনি এবার চাষ করছেন হলুদ রঙের তরমুজ। তার ফলন এতটাই ভালো হয়েছে যেটি দেখলে চোখ জুড়িয়ে যাবে যেকারো। খেতেও খুব রসালো ও সুস্বাদু এই তরমুজ। কাজে তরমুজ বিক্রি করে লাভের স্বপ্ন দেখছেন তিনি।

হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার উত্তর হাফিজপুর গ্রামে গিয়ে দেখা যাবে এর চাষ। সবুজ কচি লতাপাতার মাঝে মাঝে ঝুলে রয়েছে হলুদ রঙের তরমুজ। দেখলে মনে হয় এ যেন হলুদের সমারোহ। এই উপজেলাতে প্রথম মালচিং পদ্ধতিতে তরমুজ চাষ শুরু হয়েছে। পোকা দমনে ব্যবহার করা হয়েছে ফেরোমন ফাঁদ। তাতে কোনও ধরণের কীটনাশক ব্যবহার করতে হয়নি।

এর আগে দুলাল সবজি ও ধান চাষ করে সফল হয়েছেন। পরে বাহুবল উপজেলার দ্বিমুড়া কৃষি ব্লকের উপ-সহকারী কৃষি কর্মকর্তা শামীমুল হক শামীমের পরামর্শ গ্রহণ করে তিনি হলুদ রঙের তরমুজের চাষ শুরু করেন। থাইল্যান্ডের হাইব্রিড জাতের এই ধরণের তরমুজ চাষে সফল হবেন বলে আশাবাদী দুলাল মিয়া।

এখন পর্যন্ত তরমুজ চাষে প্রায় বিশ হাজার টাকা বিনিয়োগ করেন তিনি। বর্তমান বাজারে হলুদ রঙের তরমুজের প্রতি কেজির দাম প্রায় ১০০ টাকা। সেই হিসেবে ধারণা করা যায় প্রায় দেড় থেকে ২ লাখ টাকার তরমুজ বিক্রি করতে পারবেন দুলাল মিয়া।

দুলালের তরমুজ চাষে সফলতা দেখে এলাকার অন্য চাষিরাও এ জাতের তরমুজ চাষে বেশ আগ্রহী হয়ে উঠেছেন।

(ঊষার আলো-এফএসপি)