ঊষার আলো রিপোর্ট : আগামী সপ্তাহ থেকে মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট আবারও শুরু হতে যাচ্ছে। প্রায় ২ মাস বন্ধ থাকার পর ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণির শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট শুরু করতে যাচ্ছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর (মাউশি)। করোনার কারনে সরকার সারা দেশে লকডাউন ঘোষণা করায় মাধ্যমিকের অ্যাসাইনমেন্টের কার্যক্রম স্থগিত রাখার নির্দেশনা দিয়েছিলেন মাউশি। কিন্তু গত ৫ এপ্রিল মাউশি এক নির্দেশনা জারি করে এ কার্যক্রম স্থগিত করে। এর আগে, গত বছরের মতো এ বছরও ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণির শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট ও নির্ধারিত কাজের মাধ্যমে মূল্যায়ন করার জন্য ২০ মার্চ থেকে প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে কার্যক্রম শুরু হয়। সরকারি কঠোর বিধিনিষেধের কারণে এ কার্যক্রমও স্থগিত হয়ে যায়। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের মহাপরিচালক মো. মাহবুব হোসেন জানান, করোনার প্রকোপ কিছুটা কমে যাওয়ায় মাধ্যমিক শিক্ষার্থীদের অ্যাসাইমেন্ট শুরু করতে নির্দেশনা দেয়া হয়েছে মাউশিকে । আবারও এটি শুরু করা হবে। তবে অ্যাসাইমেন্ট আরো সৃজনশীল করতে কাজ শুরু করা হয়েছে। মাউশির পরিচালক (বিদ্যালয়) অধ্যাপক বেলাল হোসাইন জানান, আগামী সপ্তাহের শনিবার থেকে পুনরায় অ্যাসাইমেন্টের কাজ শুরু করা হতে পারে।
(ঊষার আলো-আরএম)
