UsharAlo logo
, |

উপকূলীয় সংকট সমাধানে সাতক্ষীরায় নাগরিক সংলাপ

ঊষার আলো ডেস্ক
ডিসেম্বর ৩, ২০২৫ ৭:৩০ অপরাহ্ণ
Link Copied!

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে উপকূলীয় জনপদের জলবায়ু সংকট সমাধানে রাজনৈতিক দলগুলোর স্পষ্ট ও কার্যকর প্রতিশ্রুতি নিশ্চিত করার দাবিতে সাতক্ষীরায় নাগরিক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০টা ৩০ মিনিটে প্রিন্স কমিউনিটি সেন্টার মিলনায়তনে জলবায়ু অধিপরামর্শ ফোরাম সাতক্ষীরা জেলা শাখা ও নাগরিক কমিটি সাতক্ষীরার আয়োজনে এবং লিডার্স-এর সহযোগিতায় এ সংলাপ অনুষ্ঠিত হয়।

সংলাপের সভাপতি ছিলেন জলবায়ু অধিপরামর্শ ফোরাম জেলা শাখার সভাপতি অধ্যক্ষ মো. আবদুল হামিদ। সঞ্চালনা করেন পরিবেশকর্মী ও শিক্ষক অধ্যক্ষ আশেক এলাহী। স্বাগত বক্তব্য দেন লিডার্স-এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মোহন কুমার মণ্ডল। কী-নোট উপস্থাপন করেন লিডার্স-এর ন্যাশনাল অ্যাডভোকেসি কো-অর্ডিনেটর শাকিল আহমেদ।

সংলাপে বক্তারা বলেন, উপকূলীয় অঞ্চলে লবণাক্ততা বৃদ্ধি, পানি সংকট, নদী ভাঙন, ঘূর্ণিঝড়, জীবিকা সংকট, অবকাঠামোগত দুর্বলতা এবং জলবায়ুজনিত বাস্তুচ্যুতি দিন দিন প্রকট আকার ধারণ করছে। এসব সমস্যা নিরসনে আগামী জাতীয় নির্বাচনে রাজনৈতিক দলগুলোকে সুনির্দিষ্ট প্রতিশ্রুতি দিতে হবে।

বক্তব্য রাখেন—
আবু জাহিদ ডাবলু, সদস্য সচিব বিএনপি সাতক্ষীরা জেলা;
উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, জেলা আমির, বাংলাদেশ জামায়াতে ইসলামী;
ইদ্রিস আলি, সভাপতি জাসদ সাতক্ষীরা;
আবু তালেব, সংগঠক বাসদ সাতক্ষীরা;
কমরেড আবুল হোসেন, সভাপতি সিপিবি সাতক্ষীরা;
আলি নুর খান বাবুল, গণফোরাম সাতক্ষীরা;
জি. এম. আলফাত হোসেন, গণসংহতি আন্দোলন;
কাজী মো. ওয়েস কুরানী, সহসভাপতি ইসলামী আন্দোলন বাংলাদেশ সাতক্ষীরা;
ফরিদা আক্তার বিউটি, অর্থ সচিব জলবায়ু অধিপরামর্শ ফোরাম;
আমিনা বিলকিস ময়না, সদস্য জলবায়ু অধিপরামর্শ ফোরাম।

এ ছাড়া বক্তব্য দেন সাতক্ষীরার সিনিয়র সাংবাদিক এম. কামরুজ্জামান (এটিএন বাংলা) এবং কল্যাণ ব্যানার্জি (প্রথম আলো)।

সংলাপে অংশগ্রহণকারীরা উপকূলবাসীর দীর্ঘদিনের জলবায়ু সংকট মোকাবিলায় নীতিগত পরিকল্পনা, বাজেট বরাদ্দ, গবেষণাভিত্তিক উদ্যোগ এবং নির্বাচনী ইশতেহারে সুস্পষ্ট অঙ্গীকার অন্তর্ভুক্ত করার আহ্বান জানান।

ঊআ-মোহন চৌধুরী