ময়মনসিংহ অঞ্চলে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের লক্ষ্যে পরামর্শক নিয়োগের মাধ্যমে সমীক্ষার কাজ শুরু হয়েছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। তবে আগে বগুড়া বিমানবন্দর প্রকল্পের কাজ এগিয়ে নেওয়া হবে। এরপর এক থেকে দুই বছর সময় নিয়ে ময়মনসিংহের প্রকল্প বাস্তবায়নের দিকে অগ্রসর হওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) ময়মনসিংহের ত্রিশালে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণ ও আধুনিক পর্যটন নগরী গড়ে তোলার লক্ষ্যে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনের সংসদ সদস্য ডা. মো. মাহাবুবুর রহমান।
মন্ত্রী বলেন, বিমানবন্দরের সক্ষমতা, উড়োজাহাজ চলাচল, অবতরণের দিক ও রানওয়ের পরিধিসহ বিভিন্ন বিষয় সমীক্ষায় পর্যালোচনা করা হচ্ছে। এটি বড় ও জটিল পরিকল্পনা। বগুড়া বিমানবন্দর প্রকল্পের কাজ অনেক দূর এগিয়েছে। তাই সেটি আগে বাস্তবায়ন করা হবে। বগুড়ায় উত্তরাঞ্চলের জেলাগুলোর পণ্য পরিবহনের কেন্দ্র গড়ে তোলারও সম্ভাবনা রয়েছে।
তিনি বলেন, ময়মনসিংহে বিমানবন্দর নির্মিত হলে বৃহত্তর ময়মনসিংহসহ আশপাশের বিস্তৃত অঞ্চলে অর্থনৈতিক কর্মকাণ্ড, কর্মসংস্থান, যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নের নতুন সুযোগ তৈরি হবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের তুরস্ক সফরে বিমান পরিবহন খাতে সহযোগিতার বিষয়েও আলোচনা হয়েছে। তুরস্কের সহযোগিতা পাওয়া গেলে এ খাতের উন্নয়ন ত্বরান্বিত হবে।
কক্সবাজার বিমানবন্দরকে পর্যটনকেন্দ্রিক বিমান যোগাযোগের উপযোগী করে গড়ে তোলার পরিকল্পনার কথা জানিয়ে মন্ত্রী বলেন, কাঠমান্ডু, মালয়েশিয়া ও চীনের কুনমিংয়ের সঙ্গে বিমান যোগাযোগ স্থাপনের বিষয়ে আলোচনা হয়েছে।
বৃহত্তর ময়মনসিংহের স্বাস্থ্যসেবা, যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নের পরিকল্পনার কথা তুলে ধরে তিনি বলেন, বিশেষ করে চিকিৎসক সংকট নিরসনে উদ্যোগ নেওয়া হচ্ছে। গ্রামীণ অবকাঠামো উন্নয়নে প্রত্যেক সংসদ সদস্যের এলাকায় ন্যূনতম ৫০০ কোটি টাকার কাজ করার প্রস্তুতি রয়েছে। ডিসেম্বরের পর উন্নয়নকাজের পরিমাণ আরও বাড়বে বলে আশা প্রকাশ করেন তিনি।
ত্রিশালের পর্যটন সম্ভাবনার কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতিবিজড়িত এ অঞ্চলকে আধুনিক পর্যটন নগরী হিসেবে গড়ে তোলার সুযোগ রয়েছে। এ উদ্যোগে স্থানীয় সংসদ সদস্যকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন তিনি। পাশাপাশি মাদক নির্মূলে প্রশাসন, জনপ্রতিনিধি ও সাংবাদিকদের সম্মিলিত ভূমিকা রাখার আহ্বান জানান।
সভায় স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
ঊআ-মোচৌ
