দিনাজপুরের ফুলবাড়ীতে ২৯ বিজিবির মাদকবিরোধী বিশেষ অভিযানে ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট ও মোটরসাইকেলসহ মোঃ হাবিবুর রহমান (২৭) নামে এক যুবককে আটক করা হয়েছে।
শুক্রবার (১৩ নভেম্বর) সকাল ১০টা ৫৫ মিনিটে ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি)-এর মনিপুর বিওপির আওতাধীন শালকি দক্ষিণপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় আটক ব্যক্তির কাছ থেকে ভারতীয় TENSIWIN 0.5 ট্যাবলেট ১৬ পিস ও একটি Hero Deluxe 100cc মোটরসাইকেল জব্দ করা হয়। জব্দ করা মালামালের সিজার মূল্য ১ লাখ ৩৮ হাজার ৭৮০ টাকা।
আটক হাবিবুর রহমান দিনাজপুরের কোতোয়ালি থানার মনিপুর গ্রামের বাসিন্দা। পরে তার বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা দায়ের করে জব্দ করা মাদকদ্রব্যসহ তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফ-উজ-জামান, পিএসসি জানান, সীমান্ত সুরক্ষা, মাদক নিয়ন্ত্রণ ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে। এসব অপরাধে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও আটকে বিজিবি পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছে।
ঊআ-মোচৌ
