নড়াইলের লোহাগড়ায় পিতা হত্যা মামলার এজাহারভুক্ত এক নম্বর আসামি ছেলে খায়রুল শেখকে (২৫) গ্রেপ্তার করেছে র্যাব-৬। শনিবার (১৪ নভেম্বর) বিকেল ৪টা ১০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে গোপালগঞ্জ সদর উপজেলার মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব জানায়, পারিবারিক বিরোধের জেরে গত ৫ নভেম্বর দুপুরে লোহাগড়া উপজেলার বয়রা এলাকায় নিজ বাবা আফছার শেখের ওপর হামলার অভিযোগ রয়েছে খায়রুলের বিরুদ্ধে। এ ঘটনায় আফছার শেখ নিহত হন। পরে নিহতের পরিবারের পক্ষ থেকে খায়রুল শেখসহ তিনজনকে আসামি করে লোহাগড়া থানায় হত্যা মামলা দায়ের করা হয়।
র্যাব-৬ সদর কোম্পানির (ভাটিয়াপাড়া ক্যাম্প) একটি আভিযানিক দল অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি খায়রুল শেখকে গ্রেপ্তার করে। তিনি নিহত আফছার শেখের ছেলে।
গ্রেপ্তার খায়রুল শেখকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য নড়াইলের লোহাগড়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।
ঊআ-মোচৌ
