বিনোদন ডেস্ক : এক সময় অপু বিশ্বাস ছাড়া যেন সিনেমাই হতো না ঢাকাই চলচ্চিত্রে। দর্শকদের পছন্দে অপু হয়ে উঠেছিলেন সেরা অভিনেত্রীদের একজন। কিন্তু চোখের পলকে যেন বদলে গেল সব। আগের মতো আর সেই ব্যস্ততা নেই অপু বিশ্বাসের।
অপু বিশ্বাসের ক্যারিয়ার গ্রাফ যখন তুঙ্গে তখন তিনি বিজ্ঞাপনেও কাজ করার সময় পেতেন না। কিন্তু এখন তাকে দেখা যায় বিভিন্ন প্রতিষ্ঠান উদ্বোধন করতে। বিউটি প্রোডাক্টের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েও কাজ করছেন এই অভিনেত্রী।
মহামারির কারণে দুই বছর হলো সিনেমাই হচ্ছে না। নামকরা অনেক অভিনয়শিল্পীরই ব্যস্ততা কমেছে। অপু বিশ্বাস বিভিন্ন সাক্ষাৎকারে ফিট হয়ে ফিরবেন বলে আশ্বাস দিলেও তার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না।
সম্প্রতি তিনি শুরু করেছেন প্রেম প্রীতির বন্ধন নামের নতুন একটি সিনেমার কাজ। সেই সিনেমার শুটিং সেটে তিনি কথা বলেছেন বিভিন্ন বিষয় নিয়ে।
সিনেমার পরিস্থিতি নিয়ে তিনি বলেন, ‘সিনেমার অবস্থা খুবই খারাপ। মহামারির কারণে দর্শকরাও হলে আসছেন না। আবার দর্শকদের হলে টানতে সিনেমার সংশ্লিষ্টরাও ভালো সিনেমা দিতে পারেনি।’
অপু তার ভক্তদের উদ্দেশ্যে বলেন, ‘আমরা নতুনি ও ভালো সিনেমা না দিতে পারলেও আমি ব্যক্তিগতভাবে সময়সময় চেষ্টা করি ভিন্ন কিছু করতে। আমি আপনাদের চিরচেনা অপু বিশ্বাস নতুন ফ্লেবারে কাজ করার চেষ্টা করি, এখনও করছি। এ নিয়েই এখন আমার ব্যস্ততা।’
সিনেমা ছাড়াও অপু বিশ্বাসকে বিভিন্ন অনুষ্ঠানে দেখা যায়। ফেসবুকসহ সামাজিক বিভিন্ন যোগাযোগ মাধ্যমে অপুকে নানা কাজেই দেখা যায়।
কিন্ত এবছর তিনি লুকিয়ে কাজগুলো করেছেন বলে দাবি করেছেন। কারণ হিসেবে তিনি বলেন, ‘গত বছর যখন করোনার মধ্যে কিছু কাজ করেছিলাম, তখন দেখলাম আমাকে পচানো হচ্ছে। আমার কাজ নিয়ে নোংড়ামি ও কাদা ছোড়াছুড়ি হচ্ছে। তখন মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি; অনেক কষ্ট লেগেছে।’
(ঊষার আলো-এমএনএস)
