খুলনার দৌলতপুরে মাদক ও অবৈধ অস্ত্রবিরোধী বিশেষ অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড তাজা গুলি উদ্ধার করেছে এসআরবি-৬, সিপিসি স্পেশাল কোম্পানির একটি আভিযানিক দল। এ সময় সন্দেহভাজন মাদক কারবারি ও অবৈধ অস্ত্রধারীদের সঙ্গে এসআরবি সদস্যদের গুলি বিনিময়ের ঘটনা ঘটে। তবে অভিযানের সময় তারা রাতের আঁধারে পালিয়ে যায়।
সোমবার (১৬ নভেম্বর) রাত ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) দৌলতপুর থানাধীন ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন সাতক্ষীরা রোড সংলগ্ন কেডিএ মাঠ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
এসআরবি সূত্রে জানা যায়, অবৈধ অস্ত্র ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে নিয়মিত অভিযানের ধারাবাহিকতায় এ বিশেষ অভিযান চালানো হয়। অভিযান চলাকালে অজ্ঞাতনামা মাদক কারবারি ও অবৈধ অস্ত্রধারীরা এসআরবি সদস্যদের প্রতিরোধের চেষ্টা করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে সদস্যরা তিন রাউন্ড শটগানের গুলি ছোড়েন। এ সময় সন্দেহভাজন ব্যক্তিরা রাতের অন্ধকারে দৌড়ে পালিয়ে যায়।
পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড তাজা গুলি উদ্ধার করেন আভিযানিক দলের সদস্যরা।
উদ্ধারকৃত অস্ত্র ও গুলি উপস্থিত সাক্ষীদের সামনে বিধি মোতাবেক জব্দ করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য খুলনা মেট্রোপলিটন পুলিশের দৌলতপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার প্রক্রিয়া চলমান রয়েছে।
এসআরবি-৬ জানিয়েছে, মাদক, অবৈধ অস্ত্র ও চোরাচালান প্রতিরোধে তাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
ঊআ-মোচৌ
