গাজীপুরের শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষকে কেন্দ্র করে সৃষ্ট উত্তেজনা, সড়ক অবরোধ, যানবাহনে অগ্নিসংযোগ ও বিশৃঙ্খল পরিস্থিতি মোকাবিলায় সক্রিয় ভূমিকা পালন করছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা। শিল্পাঞ্চলের নিরাপত্তা, জনসাধারণের জানমালের সুরক্ষা এবং মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে পুলিশ, বিজিবি ও প্রশাসনের সঙ্গে সমন্বিতভাবে দায়িত্ব পালন করছেন তাঁরা।
বাহিনী সূত্রে জানা যায়, শ্রমিক অসন্তোষের প্রেক্ষাপটে গত ৪ নভেম্বর থেকে গাজীপুরের বিভিন্ন গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চল ও সড়কে ৬ প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য মোতায়েন রয়েছেন। ভোগড়া বাইপাস, মাওনা, গাছা, মৌচাক, সফিপুর বাজার, চন্দ্রা, পল্লী বিদ্যুৎ, তেলিপাড়া, চান্দনা চৌরাস্তা ও শালনাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে তাঁরা নিরাপত্তার দায়িত্ব পালন করছেন। পরিস্থিতি বিবেচনায় গত ১৭ নভেম্বর থেকে আরও ৮ প্লাটুন সদস্য মোতায়েন করা হয়েছে। এ ছাড়া ১৮ নভেম্বর মাওনা এলাকায় অতিরিক্ত আনসার সদস্যদের কয়েকটি সেকশন পৌঁছেছে।
বুধবার (১৮ নভেম্বর) সকাল থেকে মৌচাক, আমবাগ কাটা, সফিপুর, বাঘের বাজার, শিরিরচালা, মালেকের বাড়ি মোড় ও জাতীয় বিশ্ববিদ্যালয় এলাকাসহ বিভিন্ন স্থানে আনসার সদস্যরা দায়িত্ব পালন করেন। বাঘের বাজার এলাকায় শ্রমিকদের মহাসড়ক অবরোধের চেষ্টা এবং বিক্ষোভের সময় পুলিশ ও প্রশাসনের সঙ্গে সমন্বিতভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করেন তাঁরা। দুপুর ১২টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বাঘের বাজার থেকে হোতাপাড়া পর্যন্ত যৌথবাহিনীর সঙ্গে টহল পরিচালনা করা হয়। এতে ওই এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং যান চলাচল স্বাভাবিক হয়।
অন্যদিকে, মালেকের বাড়ি মোড় এলাকায় সড়ক অবরোধ করে অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্ত একটি গাড়ি উল্টে দিয়ে যান চলাচল বন্ধ করে দেওয়া হলে আনসার, SRB ও বিজিবি সদস্যরা যৌথভাবে পরিস্থিতি মোকাবিলা করেন। নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশনায় আনসার সদস্যরা সেখানে দায়িত্ব পালন করে যান চলাচল স্বাভাবিক করতে কাজ করেন।
একই দিন দুপুর ১২টা ৫০ মিনিট থেকে হোতাপাড়া ও মনিপুর এলাকায় শ্রমিকদের সড়ক অবরোধের পর পুলিশ ও আনসার ব্যাটালিয়ন সদস্যরা যৌথভাবে দায়িত্ব পালন করেন। ধাওয়া ও টিয়ারশেল নিক্ষেপের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং যান চলাচল পুনরায় শুরু হয়। জাতীয় বিশ্ববিদ্যালয় এলাকায় অগ্নিসংযোগের ঘটনার পরও নিরাপত্তা কার্যক্রম অব্যাহত রাখেন আনসার সদস্যরা।
বিকেল ৩টা ৪০ মিনিট থেকে নয়াপাড়া (বাংলাবাজার) ও ভাওয়াল মির্জাপুর এলাকায় শ্রমিকদের সড়ক অবরোধের পর আনসার ব্যাটালিয়নের ৬ সেকশনের সদস্য যৌথবাহিনীর সঙ্গে দায়িত্ব পালন করেন। এ সময় সৃষ্ট উত্তেজনা ও ধাওয়া-পাল্টাধাওয়ার পরিস্থিতি মোকাবিলায় যৌথবাহিনী টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। আনসার সদস্যদের অংশগ্রহণে বিকেল ৪টার মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে বলে বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে।
এ ছাড়া কালিয়াকৈর ও পল্লী বিদ্যুৎ এলাকাসহ গাজীপুরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে আনসার সদস্যরা সতর্ক অবস্থানে থেকে নজরদারি ও টহল কার্যক্রম পরিচালনা করছেন। সম্ভাব্য বিশৃঙ্খলা প্রতিরোধ এবং শিল্পাঞ্চল ও মহাসড়কের নিরাপত্তা নিশ্চিত করতে অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বিতভাবে তাঁদের কার্যক্রম অব্যাহত রয়েছে।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের শিল্পাঞ্চল, গুরুত্বপূর্ণ স্থাপনা ও জননিরাপত্তা সুরক্ষায় বাহিনীর সদস্যরা পেশাদারত্ব ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে যাবেন।
ঊআ-মোচৌ
