UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

জনবান্ধব পুলিশ বাহিনী গড়ে তুলতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী অমিত

Mohon Chowdhury
নভেম্বর ২১, ২০২৬ ৮:৩৯ অপরাহ্ণ
Link Copied!

 

মহান স্বাধীনতা যুদ্ধে যশোর সদর থানার পুলিশ বাহিনীর গুরুত্বপূর্ণ অবদান ছিল বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি বলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ে দেশের বিভিন্ন থানায় অস্ত্র লুটের ঘটনা ঘটলেও বিএনপির নেতাকর্মীরা মানবপ্রাচীর তৈরি করে যশোর কোতোয়ালি থানার নিরাপত্তা নিশ্চিত করেছিলেন।

শনিবার সকালে ‘দেশের বিভিন্ন স্থানে বাংলাদেশ পুলিশের থানার প্রশাসনিক কাম ব্যারাক ভবন নির্মাণ’ প্রকল্পের আওতায় যশোর কোতোয়ালি থানা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, সভ্য রাষ্ট্রে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ বাহিনী সমাজের অবিচ্ছেদ্য অংশ। পুলিশকে বাদ দিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা সম্ভব নয়। অতীতের সরকারগুলো বিভিন্ন সময়ে পুলিশকে রাজনৈতিক কর্মীতে পরিণত করার চেষ্টা করেছে এবং জনগণের প্রতিপক্ষ হিসেবে দাঁড় করিয়েছে। বর্তমান সরকার এ বিষয়ে সতর্ক ও সুচিন্তিত অবস্থানে রয়েছে।

তিনি আরও বলেন, দেশের বিভিন্ন স্থানে পরিকল্পিতভাবে নাশকতা, নৈরাজ্য ও অস্থিরতা সৃষ্টির চেষ্টা চলছে। তবে জনগণ ও পুলিশকে পরস্পরের প্রতিপক্ষ বানানোর সুযোগ প্রধানমন্ত্রী দেননি। পুলিশ সদস্যদের উদ্দেশে তিনি বলেন, আপনারা প্রজাতন্ত্রের কর্মকর্তা-কর্মচারী। অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে। মানুষ যেন পুলিশ বাহিনীকে প্রকৃত বন্ধু হিসেবে ভাবতে পারে, সে লক্ষ্যে জনবান্ধব পুলিশ বাহিনী গড়ে তুলতে সরকার কাজ করছে।

প্রতিমন্ত্রী আশা প্রকাশ করেন, নতুন ভবন নির্মাণের ক্ষেত্রে কাজের মানের সঙ্গে কোনো আপস করা হবে না।

যশোর জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খান খোকন, প্রেসক্লাবের সভাপতি জাহিদ হাসান টুকুন এবং গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. জাহিদুল ইসলাম।

ছয়তলা ভিত্তির ওপর চারতলা ভবনটি নির্মাণে ব্যয় ধরা হয়েছে প্রায় ১১ কোটি ৭২ লাখ টাকা।

ঊআ-মোচৌ