বিনোদন ডেস্ক : নায়িকা পরীমণির বিরুদ্ধে আবারও বনানী ক্লাবে ভাঙচুরের অভিযোগ উঠেছে। এক তারকা দম্পতির অনুষ্ঠানে গিয়ে বনানী ক্লাবে ভাংচুর করেছেন তিনি। ক্লাবটির সভাপতি রুবেল আজিজ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।
ক্লাবের সভাপতি জানান, পরীমনি বনানী ক্লাবের সদস্য নয়। তবে মাস ছয়েক আগে একটি অনুষ্ঠানে সামান্য ঘটনার জের ধরে ভাঙচুর চালিয়েছেন তিনি। সেটি ক্লাবের নিজস্ব অনুষ্ঠান ছিল না। ক্লাবের স্টাফরা বিষয়টি আগে থেকেই জানতেন।
রুবেল আজিজ বলেন, পরীমনির ভাঙচুরের বিষয়টি ক্লাবের রেজিস্ট্রার খাতায়ও লিখে রাখা হয়েছে। পরীমনির বিভিন্ন ঘটনা সামনে আসায় ক্লাবের স্টাফরা বিষয়টি আমাদের জানান।
পুলিশের গুলশান বিভাগের ডিসি সুদীপ কুমার চক্রবর্ত্তী জানান, বনানী ও গুলশান অল কমিউনিটি ক্লাবে ভাঙচুরসহ পরীমনির এমন আচরণের বিষয়টি আমরা জানতে পেরেছি। তবে কোনো ক্লাব কর্তৃপক্ষ এখন পর্যন্ত অভিযোগ করেনি। তাই যথাযথ অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
উল্লেখ্য, এর আগে গত ৮ জুন গুলশানে অল কমিউনিটি ক্লাবে পরীমনি ভাঙচুর করেন বলে অভিযোগ ওঠে।
(ঊষার আলো-এমএনএস)
