ঊষার আলো প্রতিবেদক : নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে ‘এমএম আশরাফ উদ্দিন’ লঞ্চডুবির ঘটনায় এখন পর্যন্ত চারজনের লাশ উদ্ধার করেছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। কার্গো জাহাজের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে। তবে এ ঘটনায় বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে।
রবিবার দুপুর ২টার দিকে সদর উপজেলার আলামিননগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ‘এমএম আশরাফ উদ্দিন’ নামের লঞ্চটি মুন্সীগঞ্জ যাচ্ছিল।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপপরিচালক আব্দুল্লাহ আল আরফিন জানান, এখন পর্যন্ত চারজনের লাশ উদ্ধার করা হয়েছে। এখনো উদ্ধারকাজ চলছে। উদ্ধারকাজ শেষে হতাহতের সংখ্যা বলা যাবে।
তিনি আরো জানান, নিহতের মধ্য একজন পুরুষ এবং তিনজন নারী। এদের মধ্যে একজন কিশোরীও আছে। এখন পর্যন্ত তাদের নাম-পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি।
এ ঘটনায় ১৫-২০ জনের মতো সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও বাকিরা নিখোঁজ রয়েছে। তবে লঞ্চে কতজন যাত্রী ছিল তাৎক্ষণিকভাবে নির্দিষ্ট করে তা জানা যায়নি।
বিআইডাব্লিউ উপপরিচালক (নৌ নিরাপত্তা বিভাগ) বাবু লাল বৈদ্য জানান, একটি জাহাজের ধাক্কায় লঞ্চটি ডুবে গেছে। এখনো অনেকে নিখোঁজ।
