ঊষার আলো ডেস্ক : উদ্বোধনের অপেক্ষায় দেশের সবচেয়ে বড় ও সর্বাধুনিক প্রযুক্তির পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্র। ১ হাজার ৩২০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন বিদ্যুৎকেন্দ্র এখন উদ্বোধনের অপেক্ষায়। সোমবার (২১মার্চ) সশরীরে বিদ্যুৎকেন্দ্রটির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একইসঙ্গে দেশে শতভাগ বিদ্যুতায়নের ঘোষণা দেবেন তিনি।
করোনাভাইরাস মহামারির পর ঢাকার বাইরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া ছাড়া এটি সরকার প্রধানের প্রথম কোনো সফর হতে যাচ্ছে। এদিন হেলিকপ্টার যোগে রওনা হবেন তিনি। পায়রা তাপ বিদ্যুৎকেন্দ্র ঘুরে দেখার পাশাপাশি এর নাম ফলক উন্মোচন করবেন বঙ্গবন্ধুকন্যা। বিদ্যুৎকেন্দ্রটির উদ্বোধন উপলক্ষে ১ হাজার ৩২০টি পায়রা উড়ানোর কথা রয়েছে।
প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে বর্ণিল সাজে সেজেছে গোটা এলাকা। নানা আয়োজনের মধ্যে সবার নজর কেড়েছে প্রধানমন্ত্রীকে বরণ করে নিতে ১৫০টি নৌকা। সোমবার জেটিতে রঙিন পাল তোলা এসব নৌকা থেকে পতাকা নাড়িয়ে এবং সংগীত পরিবেশনের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিবাদন জানানো হবে।
কলাপাড়ার ধানখালীর পায়রাতে নির্মিত সর্বাধুনিক আলট্রা সুপার ক্রিটিক্যাল প্রযুক্তির কয়লা ভিত্তিক এ তাপবিদ্যুৎ কেন্দ্রটি নির্মাণে খরচ হয়েছে প্রায় ২০ হাজার কোটি টাকা। বাংলাদেশের নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন কম্পানি (এনডাব্লিউপিজিসিএল) ও চায়না ন্যাশনাল মেশিনারি এক্সপোর্ট অ্যান্ড ইমপোর্ট করপোরেশনের (সিএমসি) সমান অংশীদারে বিদ্যুৎকেন্দ্রটি নির্মাণ করা হয়েছে।
এই দুটি প্রতিষ্ঠান মিলে কেন্দ্র পরিচালনার জন্য বাংলাদেশ চায়না পাওয়ার কোম্পানি লিমিটেড (বিসিপিসিএল) নামে পৃথক একটি কোম্পানি প্রতিষ্ঠা করা হয়েছে।
আলট্রা সুপার ক্রিটিক্যাল প্রযুক্তি ব্যবহার করে বিদ্যুৎকেন্দ্র নির্মাণকারী দেশগুলোর মধ্যে বাংলাদেশ বিশ্বের ১৩তম, এশিয়ায় সপ্তম এবং দক্ষিণ এশিয়াতে বাংলাদেশ ছাড়া শুধু ভারতে এ ধরনের একটি বিদ্যুৎকেন্দ্র রয়েছে।
